রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন নতুন দেশে জনশক্তি পাঠানোর উদ্যোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

নতুন নতুন দেশে জনশক্তি পাঠানোর উদ্যোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

স্টাফ রিপোর্টার : নতুন নতুন দেশে জনশক্তি পাঠানোর উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, আমরা বিদেশে আরো জনশক্তি পাঠানোর উদ্যোগ নিয়েছি। সে কারণে নতুন নতুন দেশে আমরা জনশক্তি পাঠাচ্ছি। বিশেষ করে রোমানিয়া, সার্বিয়া, মাল্টা, পর্তুগালে জনশক্তি পাঠানোর উদ্যোগ নিয়েছি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত আটতলা ভবনের উদ্‌বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘সারা বিশ্বে বঙ্গবন্ধু কর্ণার’ শীর্ষক বইয়ের মোড়কও উন্মোচন করেন। গত বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘সেরা কূটনীতিক বঙ্গবন্ধু পদক’ প্রদানও করেন প্রধানমন্ত্রী। পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ‘সেরা কূটনীতিক বঙ্গবন্ধু পদক’ পেয়েছেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার বক্তৃতায় বলেন, আমরা পররাষ্ট্র মন্ত্রাণলয় থেকে পাবলিক ডিপ্লোম্যাসি ও ইকোনমিক ডিপ্লোম্যাসি নিয়ে কাজ করছি। দেশের উন্নয়নে সকলকে সম্পৃক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রবাসীদের সেবা দেওয়ার জন্য দূতাবাস বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কোনো প্রকার হয়রানি ছাড়াই যেন মোবাইলেই তারা সেবা পান সেজন্য আমরা বিভিন্ন অ্যাপ চালু করেছি। তবে একটি জায়গায় আমরা সক্ষমতা অর্জন করতে পারিনি, সেটা হলো পাসপোর্ট বিতরণ। এক্ষেত্রে আমাদের দুর্বলতা রয়েছে। আমরা প্রবাসীদের পাসপোর্ট নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেই। তারা যাচাই বাছাই করে পাসপোর্ট দেয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, গত দুই বছরে কোভিড-১৯ এর জন্য বিশ্ব নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ এখনো ভালো অবস্থানে রয়েছে। আগামী দিনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি তরুণ কূটনীতিকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৮ তলা বিশিষ্ট একটি নতুন ভবন উদ্বোধন করা হয়৷ এতে আরো বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ