স্টাফ রিপোর্টার : জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।
শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে ৯ জুলাই শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে।
শোক পালনের অংশ হিসেবে শনিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
রাষ্ট্রীয় শোক পালনের দিনে শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্টের মাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম জানিয়েছেন, অবিশ্বাস্যভাবে জাপান হারালো তার এক সূর্যসন্তানকে, আর বাংলাদেশ হারালো পরম এক বন্ধুকে। স্বর্গবাসী হও শিনজো আবে। বাংলাদেশ শনিবার রাস্ট্রীয় শোক পালন করবে বলে সিদ্ধান্ত দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকালে জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে প্রচার কর্মসূচিতে দুর্বৃত্তের গুলিতে আহত হন আবে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলেও তার অবস্থা আশঙ্কাজনক বলেই জানানো হচ্ছিলো। একপর্যায়ে চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুবরণ করেন। না ফেরার দেশে পাড়ি জমান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে ২০০৭ সালে দায়িত্ব নেন শিনজো আবে। তবে অসুস্থতার কারণে ২০২০ সালের আগস্টের শেষে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার কথা থাকলেও এক বছর আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান আবে।
৬৭ বছর বয়সী শিনজো আবে সেসময় জানিয়েছিলেন, তার আলসারেটিভ কোলাইটিস রয়েছে এবং নতুন ওষুধ ব্যবহার করে তার চিকিৎসা চালিয়ে যেতে হবে। তিনি বহু বছর থেকে আলসারেটিভ কোলাইটিস রোগে ভুগছিলেন। জাপানে বন্দুক সহিংসতার ঘটনা বেশ বিরল। কারণ পূর্ব এশিয়ার এই দেশটিতে হ্যান্ডগান বা বন্দুক নিষিদ্ধ।
শিনজো আবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নারা শহরে হামলার শিকার হওয়া স্থানের কাছাকাছি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিনজো আবে মারা যান।
নারা শহরে প্রচার কর্মসূচিতে বক্তব্য দেয়ার সময় জাপানের সাবেক এই প্রধানমন্ত্রীর ওপর গুলি চালানো হয়। এরপরই লুটিয়ে পড়েন শিনজো। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রচার কর্মসূচিতে বক্তব্য দেয়ার সময় আবেকে পেছন থেকে গুলি করা হয়েছিল।
গুলিবিদ্ধ হওয়ার পর থেকে জাপানের সাবেক এই প্রধানমন্ত্রী অচেতন অবস্থায় ছিলেন। হামলার ঘটনার কিছু সময় পর বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, জাপানের রাজধানী টোকিওর সাবেক গভর্নর ইয়োচি মাসুজো টুইটারে দেয়া এক বার্তায় বলেন, সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হওয়ার পর কার্ডিওপালমোনারি’তে আক্রান্ত হয়েছেন।








