স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট ও টি২০ সিরিজের পর এবার ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। আজ গায়ানায় রাত সাড়ে ৭ টায় প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও টি২০ সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জয়ের আশা করছে বাংলাদেশ। আজ ঈদুল আজহার দিনেই প্রথম ওয়ানডে। এই ম্যাচটি জিতে ঈদের দিনে দেশবাসীকে জয় উপহার দিতে চায় বাংলাদেশ।
সব ব্যর্থতা ভুলে নিজেদের পছন্দের ফরমেটে সাফল্য উপহার দিতে চান অধিনায়ক তামিম ইকবাল। দলের সাফল্যে আশাবাদী তামিম ইকবাল বলেন, ‘যখন আপনি হারতেই থাকেন, তখন কঠিন হয়ে পড়ে সবকিছু। যেহেতু সিরিজটি ওয়ানডে, তাই ভালো ফল আশা করতে পারি। কারণ, আমরা এ ফরম্যাটে ভালো খেলে থাকি।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘এ সংস্করণ (ওয়ানডে) নিয়ে আমরা গর্বিত, এ সংস্করণে আমরা খুব ভালো দল। তবে, যতই ভালো খেলি না কেন, নির্দিষ্ট দিনে ঠিক কাজটা করতে পারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি আজ আমরা ভালো শুরু করব। ’
দলের খেলোয়াড়দের উজ্জীবিত করা প্রসঙ্গে তামিম বলেন, ‘আমরা সবাই চাই সিরিজটি ভালোভাবে শেষ করতে। সবাই ভালো করতে চাই। ব্যক্তিগতভাবে কাউকে অনুপ্রাণিত করার দরকার হবে না, কারণ তারা সবাই দেশের জন্য খেলছে।’
গায়ানায় গতকাল ঈদ হয়েছে। সেখানে ঈদুল আজহা উদ্যাপন করেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। ঈদ উদযাপন শেষে দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান বাংলাদেশ ক্রিকেটাররা। এখন প্রথম ওয়ানডেতে জয় উপহার দেওয়ার পালা।








