মিথুন আশরাফ ॥ দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল বাংলাদেশ। ৯ উইকেটে জিতল টাইগাররা। তাতে করে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিলো বাংলাদেশ।
প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। গায়ানায় এবার দ্বিতীয় ওয়ানডে ১৭৬ বল হাতে রেখে জিতে সিরিজ নিজেদের করে নিল।
ম্যাচটিতে টস জিতে ফিল্ডিং করে তামিম বাহিনী। ওয়েস্ট ইন্ডিজকে ১০৮ রানেই অলআউট করে দেয়। কিমো পল সর্বোচ্চ অপরাজিত ২৫ রান করতে পারেন। বাংলাদেশ স্পিনাররা অসাধারণ বোলিং করেন। মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ বোলিং ঝালক দেখান। মিরাজ চারটি ও নাসুম তিনটি উইকেট শিকার করেন। নাসুম ১০ ওভার বোলিং করে ৪ মেডেনসহ মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।
বাংলাদেশ ১ উইকেট হারিয়ে ২০.৪ ওভারে ১১২ রান করে জিতে যায়। ওয়ানডে অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল (৫০*) হাফ সেঞ্চুরি করেন। লিটন কুমার দাস করেন অপরাজিত ৩২ রান। টেস্ট ও টি২০ সিরিজ হারের পর ওয়ানডে সিরিজ জয় স্বস্তি হিসেবেই ধরা দিয়েছে। ১৬ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিততে পারলে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ।








