স্টাফ রিপোর্টার : সরকার নয় বরং বিএনপির পতনের ঘন্টা বাজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, জনগণের সম্মিলিত শক্তির কাছে এই সরকারের পতন এখন অতি সন্নিকটে। সরকার পতনের সাইরেন বাজতে শুরু করেছে। এ কথার জবাব দিয়েছেন ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, চলার পথে শত্রু-মিত্র চিনতে হবে। নেতিবাচক রাজনীতি পরিহার করে বিএনপিকে নির্বাচনের মাঠে আসার আহ্বান জানান। এ ছাড়া নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘চলার পথে শত্রু-মিত্র চিনতে হবে। একটা কথা আছে—ওয়ান্স আ বিট্রেয়ার, অলওয়েজ আ বিট্রেয়ার। একবার যে বিশ্বাসঘাতক, বারে বারে সে বিশ্বাসঘাতক। আওয়ামী লীগের কর্মীরা হুঁশিয়ার থাকতে হবে, সতর্ক থাকতে হবে।’
আগুন নিয়ে না খেলতে বিএনপিকে হুঁশিয়ার করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আগুন নিয়ে খেলবেন না, রাজনীতি ও নির্বাচনের মাঠেই খেলা হবে। জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের চোখের সামনে ভেসে ওঠে ১/১১ নামক অমবশ্যা। আজকের এই দিন ১৬ জুলাই। এই দিন শুধু শেখ হাসিনার কারাবান্দী দিবস নয়। এই দিন বাংলাদেশের গণতন্ত্রের বন্দী দিবস। এই দিন শেখ হাসিনাকে বন্দী করে আমাদের বিকাশমান গণতন্ত্রকে বন্দী করা হয়েছিল। সেই ইতিহাস আপনারা জানেন। এর প্রেক্ষাপট আপনারা জানেন। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গেয়েছেন। ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়িয়েছেন। তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘১/১১ জেলে ছিলাম। রাজনীতির অনেকেই জেলে গেছেন। আমাদের নেত্রী বন্দী হয়েছিলেন। ক্ষমতায় ছিল বিএনপি। প্রথম বন্দী হন শেখ হাসিনা। তারা এসে বিরোধীদলকে প্রথম বন্দী করে। সরকারি দলের নেতা তখনও বাইরে। কী দুর্বব্যবহার! এত অপমান নেত্রীকে করেছে তারা। বঙ্গবন্ধু কন্যাকে সামান্য শ্রদ্ধা তারা দেখাতে পারেনি, দেখায়নি। সেটাই হচ্ছে বড় কথা।’
কাদের অভিযোগ করেন, ২০০৭ সালে যদি একটি রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা না করত, তাহলে সামরিক শাসন স্থায়ী হতো না। সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, এক-এগারোর কুশিলবরা এখনো সক্রিয়। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না বলেই বিএনপি ষড়যন্ত্র করছে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে তারা বিদেশিদের সঙ্গে আঁতাত করছে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়া হবে না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। ভীতি থেকেই বিএনপি আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। যেকোনো ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করা হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই উন্নয়ন, অগ্রগতি হয়।
এ সময় আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, তৃণমূলের কর্মীরা কখনো বেঈমানী করে না। সেটা ওয়ান-ইলেভেনে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার কারণেই বারবার গণতন্ত্র ফিরে পেয়েছি। তিনিই একমাত্র বিশ্ব নেতা যিনি বলেছেন, যুদ্ধ বন্ধ হওয়া দরকার।








