স্টাফ রিপোর্টার ॥ স্বপ্নের পদ্মা সেতুর এক মাস হয়ে গেছে। গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন, ২৬ জুন থেকে যানবাহন চলাচল শুরু হয়। সেই থেকে এক মাসে ৮০ কোটি ৩৯ লাখ ৩ হাজার ৪৭০ টাকা টোল আদায় হয়েছে। সেই হিসেবে প্রতিদিন গড়ে আদায় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।
পদ্মা সেতুর চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সুফল পাচ্ছে জনগণ। এই এক মাসে মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে পার হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৪৬২টি যানবাহন। সেতুকে ঘিরে মানুষের আগ্রহের কোনো কমতি নেই। আগ্রহী দর্শনার্থীদের জন্য ছুটির দিনে বিশেষ ট্যুরের ব্যবস্থাও করেছে পর্যটন করপোরেশন। গত ২২ জুলাই শুক্রবার ৯৯৯ টাকায় পদ্মা সেতু দেখার বিশেষ এ ট্যুরের উদ্বোধনও করা হয়। সেতু সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
স্বপ্নের পদ্মা সেতুতে প্রথম দিনে ২ কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা টোল আদায় হয়েছে। প্রথম দিনে দুই প্রান্ত থেকে ৬১ হাজার ৮৩১টি যান পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত থেকে ৩১ হাজার ১৯৭টি যানবাহন আর জাজিরা প্রান্ত থেকে ৩০ হাজার ৬৩৯টি যানবাহন পারাপার হয়েছে।
সেতুতে যানবাহন চলাচল হওয়ার পর দিন অর্থাৎ ২৭ জুন ২ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা টোল আদায় হয়। ৮ জুলাই সর্বোচ্চ রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। এইদিনে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে। দিনটিতে ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে।
এদিকে পর্যটন করপোরেশনের প্রথম ট্যুরেই মিলেছে ৬০ জন দর্শনার্থী। আগে এলে আগে পাবেন ভিত্তিতে এসব দর্শনার্থীকে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত টুরিস্ট কোস্টারে করে রাজধানীর আগারগাঁও থেকে পদ্মা সেতু দেখাতে নিয়ে যাওয়া হয়। প্রথম ট্যুরে দুটি কোস্টার ছাড়াও একটি মাইক্রোবাসে করে কিছু দর্শনার্থী নেওয়া হয়। গত ২৩ জুলাই থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত পদ্মা সেতু দেখতে আগাম বুক হয়ে গেছে। পদ্মা সেতুতে সব থেকে কম টোল আদায় হয়েছে ঈদের দিন ১০ জুলাই। দিনটিতে মোট ১ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৮৫০ টাকা। দিনটিতে গাড়ি পারাপার হয়েছে মোট ১১ হাজার ৯৫৪টি।








