,

ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। সোমবার সকালে শপথ গ্রহণ করেন তিনি। ভারতের পার্লামেন্টের সেন্ট্রাল হলে তাকে শপথবাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমানা। শপথ গ্রহণের পর প্রেসিডেন্টকে গান স্যালুট দেয়া হয়। পরে তিনি সেন্ট্রাল হলে ভাষণ দেন। বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করেন দ্রৌপদী মুর্মু। কোবিন্দের সঙ্গেই সংসদ ভবনে পৌঁছান দ্রৌপদী। তাঁকে স্বাগত জানান ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, সুপ্রিম প্রধান বিচারপতি এন ভি রমণা এবং লোকসভার স্পিকার ওম বিড়লা।

ভাষণে দ্রৌপদী বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। আর স্বাধীনতার ৭৫ বছরে আমি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পেয়েছি। দেশের রাষ্ট্রপতি হওয়া আমার ব্যক্তিগত প্রাপ্তি নয়। এটি ভারতের প্রতিটি দরিদ্র মানুষের প্রাপ্তি। আমার রাষ্ট্রপতি হওয়া প্রমাণ করে যে, ভারতের দরিদ্র মানুষেরা শুধু স্বপ্নই দেখেন না, সেই স্বপ্ন পূরণও করতে পারেন।’

 

ভারতের দরিদ্র মানুষেরা শুধু স্বপ্নই দেখেন না, সেই স্বপ্ন পূরণও করতে পারেন : দ্রৌপদী

ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু
শপথ গ্রহণের পর ভাষন দিচ্ছেন ভারতের নতুন প্রেসিডেন্ট মুর্মু

 

দ্রৌপদীই প্রথম আদিবাসী নারী যিনি ভারতের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। দ্রৌপদী মুর্মু হলেন ভারতের প্রথম প্রেসিডেন্ট, যিনি স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছেন। সোমবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।  গত সোমবার বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে ৫ লাখ ৭৭ হাজার ৭৭৭ ভোট পান তিনি। সাবেক শিক্ষক ৬৪ বছর বয়সের দ্রৌপদী ওড়িশার মেয়ে। গত কয়েক দশক ধরে তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্য কাজ করে যাচ্ছেন। ঝাড়খণ্ডের প্রদেশিক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন দ্রৌপদী। ভারতে প্রেসিডেন্ট পদটি অনেকটা আলঙ্কারিক। রাষ্ট্রের সর্বোচ্চ পদ হলেও দেশ পরিচালনায় প্রেসিডেন্টের তেমন ভূমিকা নেই।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে থাকেন বিদায়ি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্য। দ্রৌপদী মুর্মু হচ্ছেন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। আর নারী রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয়। ভাইয়ের বউয়ের দেওয়া বিশেষ সাঁওতালি শাড়ি পরেই রাইসিনা হিলে পা রাখেন দ্রৌপদী মুর্মু। শপথ অনুষ্ঠানে যোগ দেন তার কন্যা ইতিশ্রী। এছাড়া নবনির্বাচিত রাষ্ট্রপতির পরিবারের চার সদস্য শপথ অনুষ্ঠানে থাকেন।

ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু
নতুন প্রেসিডেন্ট মুর্মুর শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্যরা

ভারতের বিদায়ী রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং তার স্ত্রী সবিতা কোবিন্দ রাষ্ট্রপতি ভবনে নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়েছেন৷ ১৯৭৭ সাল থেকে ২৫ জুলাই ভারতের প্রজাতন্ত্র দিবসের দিনে শপথ নেবার একটি ঐতিহ্য রয়েছে। সে ধারাবিহকতায় এই দিনে শপথ নেওয়া দশম রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। তার আগে ২৫ জুলাই শপথ নেওয়া রাষ্ট্রপতির সংখ্যা ৯। ১৯৭৭ সাল থেকে শুরু করে দেশের সব রাষ্ট্রপতিই ২৫ জুলাই শপথগ্রহণ করেছেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ শপথগ্রহণ করেছিলেন ১৯৫০ সালের ২৬ জানুয়ারি।

সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি হিসাবে প্রথম ভাষণ দিলেন দ্রৌপদী। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়া ৬৪ বছর বয়সী দ্রৌপদী দেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। বক্তব্য পেশ করতে এসে দ্রৌপদী বলেন, ‘সকলের আশীর্বাদে আমি দেশের রাষ্ট্রপতি হয়েছি। আমি প্রগতিশীল একটি দেশের রাষ্ট্রপতি হয়েছি। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে।’

ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

তিনি আরও বলেন, ‘আমিই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া প্রথম ব্যক্তি যে ভারতের স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছে। ভারতের নাগরিকদের কাছে আমার আবেদন, স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যাশা পূরণ করতে আমাদের সকলকে একসঙ্গে চেষ্টা করতে হবে।’

দেশের সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে দ্রৌপদী বলেন, ‘মঙ্গলবার ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস। দিনটি ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের প্রতীক। আমি কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের সশস্ত্র বাহিনী এবং দেশের সকল নাগরিককে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ