স্টাফ রিপোর্টার : ডলারের সবশেষ দর উঠে হয়েছিল ১০৫ টাকা। একদিনের ব্যবধানে ৬ টাকা থেকে বেড়ে খোলা বাজারে ডলারের দর উঠেছে রেকর্ড ১১১ টাকায়।
এর আগে এক দিনে ডলারের দাম এতটা কখনও বাড়েনি। সোমবার বিকালেও ডলার মিলেছে ১০৫ টাকা ৩০ পয়সায়। অবশ্য অনেক মানি এক্সচেঞ্জ ডলার সংকটে ক্রেতাদের ফিরিয়েও দিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই খোলা বাজারে ডলারের দর চড়া দেখা যায়। সরবরাহ সংকট বাড়ায় একলাফে তা ওঠে যায় ১০৮ টাকায়। সকালে ডলারের দাম ৫০ পয়সা বেড়ে ১০৮ টাকা ৫০ পয়সা হয়। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আন্তর্জাতিক বিনিময়ে বহুল ব্যবহৃত মুদ্রাটির। বেলা ২টা পর্যন্ত এক টাকা করে বাড়তেই থাকে। ১০৯, ১১০, ১১০ টাকা ৫০ পয়সা, ১১১ টাকায় বিক্রি হয় ডলার।
খোলাবাজারে ডলার কেনা-বেচায় তেমন আনুষ্ঠানিকতার বালাই নেই। এ কারণে ব্যাংকের চেয়ে দর বেশি হলেও খোলা বাজার থেকে ডলার সংগ্রহ করেন বিদেশগামী অনেক যাত্রী। ভ্রমণ শেষে দেশে ফেরত আসা ব্যক্তি ও পর্যটকরা বেশি দামের আশায় কাগুজে ডলার খোলা বাজারে বিক্রি করে দেন। হজযাত্রীদের ফেরার এ সময়ে খোলা বাজারে ডলারের ভালো সরবরাহ থাকার কথা থাকলেও এবার সংকট দেখা দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকে সোমবার ব্যাংকারদের বৈঠকেও ডলার সংকট নিয়ে আলোচনা হয়েছে। এর আগে গত মে মাসের মাঝামাঝি সময়ে ডলারের সর্বোচ্চ দর উঠেছিল ১০২ টাকায়। এরপরের দুই মাস বাজারে ডলার সরবরাহ বাড়ায় দর কিছুটা স্থিতিশীল হয়ে ৯৭-৯৮ টাকার মধ্যে ওঠানামা করছিল। খোলা বাজারের পাশাপাশি ব্যাংকগুলোতেও ডলারের বিনিময় হার বেড়েছে। কয়েকটি ব্যাংক আগের দিনের চেয়ে ৫০ পয়সা বাড়িয়ে মঙ্গলবার ১০২ টাকা ৫০ পয়সায় ডলার বিক্রি করছে। ডলার সংকটে সোমবার আন্তঃব্যাংক লেনদেনে বিনিময় হার বাড়িয়ে ৯৪ টাকা ৭০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। যদিও ওই দরে ব্যাংকগুলোতে কেউ ডলার কিনতে পারছেন না বলে অভিযোগ রয়েছে।








