স্পোর্টস রিপোর্টার : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে ৫ আগস্ট শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই করবে বাংলাদেশ ও ভারত।
মঙ্গলবার নেপালের সাথে ১-১ ড্র করে ফাইনাল খেলা নিশ্চিত করে বাংলাদেশ। একইদিন মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে ভারত। ভারতের জয়ে নেপালের বিদায় ঘন্টা বাজে। টুর্নামেন্টে অপরাজিত থেকেই ফাইনালে খেলবে বাংলাদেশ। পয়েন্ট তালিকায় ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থেকেই ফাইনালে খেলবে বাংলাদেশ। ভারত ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে খেলা নিশ্চিত করেছে। নেপাল ৭ পয়েন্ট পেয়ে বিদায় নিয়েছে।
টুর্নামেন্টে ৫ দল অংশ নেয়। শ্রীলঙ্কা ও মালদ্বীপ আগেই বিদায় নিয়েছে। রাউন্ড রবিন লীগের শেষদিনে নেপালেরও বিদায় ঘন্টা বেজেছে। বাংলাদেশ ৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্র নিয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে থাকে। আর ভারত ৪ ম্যাচে ৩ জয় নিয়ে দ্বিতীয় স্থানে থাকে। বাংলাদেশের বিপক্ষে হেরেছিল ভারত। নেপাল ৪ ম্যাচে ২ জয়, ১ ড্র ও ১ হারে ৭ পয়েন্ট পেয়ে বিদায় নেয়। মালদ্বীপ ও শ্রীলঙ্কা ১ পয়েন্ট করে পায়। নিজেদের মধ্যে ম্যাচে ড্র করে। বাকি সব ম্যাচে হারে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। টুর্নামেন্ট এখন শেষের পথে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচটি দিয়েই টুর্নামেন্ট শেষ হবে।








