অর্থ আত্মসাৎ সহ নানা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায়
স্টাফ রিপোর্টার \ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সৈয়দা ফেরদৌসী আলম নীলাকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকান্ডে সাথে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়ে তাকে দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান।
সৈয়দা ফেরদৌসী আলম নীলা রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান। উপজেলার পূর্বাচলের বহুল আলোচিত নীলা মার্কেটের মালিক তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল স্বাক্ষরিত অব্যাহতিপত্রে উল্লেখ রয়েছে, দলের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা ভঙ্গ তথা গঠনতন্ত্রের ৪৭-এর (ক) এবং ৪৭-এর (ঙ) ধারা মোতাবেক গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডের জন্য সৈয়দা ফেরদৌসী আলম নীলাকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ-এর শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদকসহ নি¤œস্তরের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। বুধবার রাতে এই অব্যাহতিপত্র ইস্যু করা হলেও বৃহস্পতিবার বিষয়টি জানা যায়।
এই বিষয়ে দলের সভাপতি আব্দুল হাই বলেন, তার বিরুদ্ধে গণমাধ্যমে অর্থ আত্মসাৎ ছাড়াও বিভিন্ন অভিযোগে লেখালেখি হয়েছে। বিষয়টি নিয়ে দলীয়ভাবে খোঁজখবর নেওয়া হয়। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকান্ডের প্রমাণ পেয়ে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রকে সুপারিশ করা হবে।
অব্যাহতির বিষয়ে কথা বলতে সৈয়দা ফেরদৌসী আলম নীলার মুঠোফোনের নম্বরে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। এখন কথা বলতে পারছি বলে কলটি তিনি কেটে দেন। পরবর্তীতে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।








