,

ফ্লোরিডার রিসোর্টে এফবিআইয়ের তল্লাশি, ক্ষুব্ধ ট্রাম্প

ট্রাম্পের বাড়ি থেকে গোপন নথি জব্দ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এখন আর নেই। ট্রাম্পের ফ্লোরিডার রিসোর্ট মার-এ-লাগোতে অভিযান চালিয়েছে এফবিআই। তল্লাশি করেছে। তাতে চরম ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প।

প্রেসিডেন্ট নির্বাচনে ২০২০ সালে পরাজিত হওয়ার পর ১৫টি বাক্সে সরকারি নথিপত্র ফ্লোরিডাতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এমনকী সেই নিয়ে তদন্তও শুরু হয়েছে। এফবিআই এজেন্টেদের এই অভিযানের মধ্যমে ‘অভব্যতা’ খুঁজে পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সোশ্যাল নেটওয়ার্কে বিবৃতি জারি করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের দেশে অন্ধকার নেমে এসেছে। ফ্লোরিডার পাম বিচে আমার সুন্দর বাড়ি মার-এ-লাগো বর্তমানে এফবিআই এজেন্টদের একটি বড় দলের দখলে রয়েছে। তারা আমার বাড়িতে অভিযান চালিয়েছে। বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এই অভব্য আচরণ করা হচ্ছে। চরম বাম মনোভাবাপন্ন ডেমোক্র্যাটরা এই ঘটনার পিছনে রয়েছে বলেই মনে হচ্ছে।’

২০২৪ সালে ট্রাম্প তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়তে পারেন এই খবর আসার পরই মূলত ট্রাম্পের বিরুদ্ধে বিচার বিভাগের তদন্ত গতি পায়। তবে ফ্লোরিডা রিসোর্ট অভিযানের সময় ট্রাম্প তার নিউইয়র্কের বাড়িতে ছিলেন। ট্রাম্পের দাবি, তিনি সব প্রাসঙ্গিক সরকারি সংস্থার সঙ্গে সহযোগিতা করেছেন। বিচার বিভাগের অধীনে প্রাক্তন রাষ্ট্রপতির সাথে যুক্ত দুটি সক্রিয় তদন্ত চলছে। একটি ২০২১ সালের ৬ জানুয়ারী রাষ্ট্রপতি নির্বাচন বাতিল করার প্রচেষ্টা এবং অন্যটি ক্লাসিফায়েড নথি সরানোর সাথে জড়িত। সোমবার সকালে তল্লাশি শুরু হয় এবং গোয়েন্দারা ট্রাম্পের অফিস এবং ব্যক্তিগত কোয়ার্টারে হানা দেন। সম্ভবত মার্কিন বিচার বিভাগের তদন্তের কারণ তারা অনুমান করছেন সরকারি রেকর্ড ফ্লোরিডা রিসোর্টে সরিয়েছেন ট্রাম্প। সাম্প্রতিক মাসগুলিতে মার-এ-লাগো থেকে ন্যাশনাল আর্কাইভসের হোয়াইট হাউসের রেকর্ড পুনরুদ্ধার করার পরে সোমবার এফবিআইকে যাচাই করতে হয়েছিল যে সেখানে আর কিছু পড়ে আছে কিনা । ট্রাম্পের ছেলে, এরিক, ফক্স হোস্ট শন হ্যানিটিকে একথা জানান।

ট্রাম্পের অ্যাটর্নি ক্রিস্টিনা বব বলেছেন, এফবিআই নথি জব্দ করেছে। বব বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার আইনি দল প্রতিটি পদক্ষেপে এফবিআই এবং ডিওজে কর্মকর্তাদের সাথে সহযোগিতা করেছেন। এফবিআই একটি অঘোষিত অভিযান পরিচালনা করেছে এবং কাগজ জব্দ করেছে।’

এ বিষয়ে মন্তব্যের জন্য সিএনএন এফবিআইয়ের কাছে পৌঁছলেও বিচার বিভাগ সিএনএনকে কিছু জানাতে অস্বীকার করেছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, তল্লাশির বিষয়ে তাদের জানানো হয়নি। প্রেসিডেন্ট জো বাইডেন, প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, খবরটি প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত মার-এ-লাগোর অনুসন্ধান সম্পর্কে অবগত ছিলেন না।

ফেব্রুয়ারিতে মার্কিন জাতীয় সংরক্ষণাগার এবং রেকর্ডস প্রশাসন কংগ্রেসকে অবহিত করার পরে তদন্তটি সামনে আসে। তারা ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে হোয়াইট হাউসের নথির প্রায় ১৫ টি বাক্স উদ্ধার করেছে।  যার মধ্যে কয়েকটিতে গোপন নথি রয়েছে। এর আগে জুনের গোড়ার দিকে কয়েকজন তদন্তকারী হোয়াইট হাউসে সফর করেছিলেন। প্রেসিডেন্ট থাকাকালীন  ট্রাম্পের সময়কার কোনো নথি সরানো হয়েছিল কিনা সেই বিষয়ে তারা তদন্ত করছিলেন।

বৈঠকে উপস্থিত একটি সূত্রের মতে, বিচার বিভাগের কাউন্টার ইন্টেলিজেন্স এবং রপ্তানি নিয়ন্ত্রণ বিভাগের প্রধান জে ব্র্যাট সহ চার তদন্তকারী ট্রাম্পের দুই অ্যাটর্নি, বব এবং ইভান করকোরানের সাথে আলোচনায় বসেছিলেন।বৈঠকের শুরুতে, ট্রাম্প তদন্তকারীদের অভ্যর্থনা জানান। তিনি চলে যাওয়ার পরে তদন্তকারীরা সরাসরি অ্যাটর্নিদের জিজ্ঞাসা করেছিলেন যে তারা ট্রাম্পের সময়কার সরিয়ে দেয়া নথিগুলি কোথায় সংরক্ষণ করেছেন।

অ্যাটর্নিরা তদন্তকারীদের বেসমেন্ট রুমে নিয়ে যান যেখানে বাক্সগুলি সংরক্ষণ করা হয়েছিল। একটি সূত্র বলেছে যে, তদন্তকারীরা গোপন কিছু নথি পেয়েছেন। এর আগে ৮জুন ট্রাম্পের অ্যাটর্নিরা তদন্তকারীদের কাছ থেকে একটি চিঠি পান যেখানে নথিগুলি সংরক্ষণ করা হয়েছিল সেই কক্ষটিকে আরও সুরক্ষিত করতে বলা হয়েছিল। এরপর এপ্রিল এবং মে মাসে, মার-এ-লাগোতে ট্রাম্পের সহযোগীদের রাষ্ট্রপতির রেকর্ড পরিচালনার তদন্তের অংশ হিসাবে এফবিআই দ্বারা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। আসলে মার্কিন প্রেসিডেন্টের পদে থাকাকালীন অনেক বেআইনি কাজ করেছেন ট্রাম্প। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সরকারি নথি হস্তগত করার অভিযোগ উঠেছিল। এর জেরে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা ঘোষণা করেন আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস কমিটির সভানেত্রী ক্যারোলিন ম্যালোনি। সূত্র : সিএনএন

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ