স্টাফ রিপোর্টার : অপরাধ প্রমান হলে বাসায় বিপুল পরিমাণ মারিজুয়ানা রাখার অপরাধে ইন্দোনেশিয়ায় আটকের পর দেশে ফিরিয়ে আনা কূটনীতিক কাজী আনারকলির খবর আছে। সর্বোচ্চ প্রশাসনিক শাস্তি পাবেন। জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান। আনারকলির বিরুদ্ধে ‘কঠোর অবস্থান’ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। কমিটি জানতে চাইলে মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। বৈঠকের পর কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান জানান, ইন্দোনেশিয়া ফেরত ওই কূটনীতিকের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি আমাদের দেশের ভাবমূর্তির সাথে সম্পৃক্ত।
তিনি বলেন, তার বিষয়ে মন্ত্রণালয়ও কঠোর অবস্থানে। ইতোমধ্যে তাকে ওএসডি করা হয়েছে। এছাড়া একটি কমিটি তদন্তের কাজ করছে। ওই কর্মকর্তার অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ প্রশাসনিক শাস্তি হতে পারে।
ইন্দোনেশিয়ায় কী ঘটেছিল সেটা জানার জন্য দেশটির সরকারের কাছেও চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে বলেও জানান কমিটির সভাপতি। বাসায় ‘বিপুল পরিমাণ মারিজুয়ানা রাখার’ অভিযোগে ইন্দোনেশিয়ায় বাংলাদেশ মিশনের উপপ্রধান কাজী আনারকলি আটক হন। এরপর তাকে জাকার্তা থেকে দেশে ফেরানোর খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। সেখানে বলা হয়, জুলাইয়ের প্রথম সপ্তাহে দক্ষিণ জাকার্তায় আনারকলির অ্যাপার্টমেন্টে অভিযান চালায় ইন্দোনেশিয়া সরকারের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এরপর তাকে আটক করা হলেও ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক দায়মুক্তির কারণে ছেড়ে দেওয়া হয়। পরে ইন্দোনেশিয়া সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে তাকে ঢাকায় ফিরিয়ে আনা হয়।
ফারুক খান জানান, গত ১০ বছরে বিভিন্ন মিশনের কর্মকর্তা-কর্মচারীরা কী ধরনের অপরাধের সঙ্গে জড়িত হওয়ার ঘটনা ঘটেছে এবং তাদের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তার তথ্য চাওয়া হবে। ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক ও নিজাম উদ্দিন জলিল (জন) অংশ নেন।








