স্টাফ রিপোর্টার : জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট আগামীকাল রবিবার ঢাকায় আসবেন। চারদিনের সফরে ঢাকায় আসছেন তিনি। জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের এটিই হবে প্রথম বাংলাদেশ সফর। মিশেল ব্যাচেলেটের এ সফরকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ সরকার।
দেশের মানবাধিকার পরিস্থিতি দেখতে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তার এই সফর। এক বার্তায় এ তথ্য জানিয়েছে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সদর দফতর। বার্তায় বলা হয়, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট সরকারের আমন্ত্রণে রবিবার থেকে বাংলাদেশে সরকারি সফর করবেন। জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের এটিই হবে প্রথম কোনো সরকারি সফর।
মিশেল ব্যাচেলেট ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করতে পারেন। এছাড়া তিনি দেশে কর্মরত মানবাধিকার সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করতে পারেন। মিশেল ব্যাচেলেটের এই সফরে বাংলাদেশে গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচসহ ৯টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। সংগঠনগুলো হলো—অ্যান্টি-ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক, এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলান্টারি ডিস-অ্যাপিয়ারেন্স, এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (ফোরাম-এশিয়া), ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট, মোনাশ বিশ্ববিদ্যালয়ের এলিয়স জাস্টিস, হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ), ইন্টারন্যাশনাল কোয়ালিশন অ্যাগেইনস্ট এনফোর্সড ডিস-অ্যাপিয়ারেন্সেস, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস এবং রবার্ট জে কেনেডি হিউম্যান রাইটস।
কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনেরও কথা রয়েছে তার। জানা গেছে, জাতিসংঘের এ শীর্ষ কর্মকর্তার সফরে মানবাধিকারের ক্ষেত্রে বাংলাদেশের অর্জনগুলোও তুলে ধরবে সরকার। গত বছর র্যাব এবং এর সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সেই প্রেক্ষাপটে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধানের এই সফর অনেক বেশি গুরুত্ব পাচ্ছে।








