স্টাফ রিপোর্টার : উত্তরায় ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত হয়েছেন ৪ জন। নিহতরা হলেন- রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (৬)। সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের ক্রেন থেকে গার্ডার পড়ে একটি প্রাইভেটকারের উপর। তাতে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা পুলিশের। দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দেয়। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা চালায়।
দুর্ঘটনার পর র্যাব, পুলিশ স্থানটি ঘিরে রাখে। গাড়িটা দেড় ঘন্টা পর্যন্ত গার্ডারের সিজে চাপা অবস্থাতেই থাকে। এরপর গার্ডার তুলে নেওয়া হয়। গাড়িতে মায়ের কোলে শিশু বাচ্চাসহ ৪ জন ছিলেন। প্রকল্পের কাজ চলার সময়ই গার্ডারটি ছিটকে পড়ে। তাৎক্ষনিকভাবে পুলিশ যারা ছিলেন, তারা আসেন। গাড়ির দরজা ভেঙ্গে তাৎক্ষনিক তিনজনের লাশ উদ্ধার করা হয়।
প্রকল্প কাজ চলার সময় চারপাশ ঘেরাও করে নিরাপত্তা নিশ্চিত করা হয়। কিন্তু তা করা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, এখানে কোন নিরাপত্তাই ছিল না। গার্ডারের নিজ দিয়ে সবসময় মোটর সাইকেল, সিএনজি, গাড়ি সবসময়ই চলাচল করে। কাজ চলার সময়ই চলাচল করে। সেখানে কোন নিরাপত্তা থাকেনা। ট্রাফিক সার্জেন্ট যারা থাকেন, তারাও কখনোই এ বিষয়টা খেয়াল করেন না। নিরাপত্তা ঘাটতির কারনেই এমন দুর্ঘটনা হয়েছে। ক্রেনের চেয়ে গার্ডারের ওজন বেশি হওয়াতেই এমন ঘটনা ঘটে।

২০১২ সালে বহদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার ধ্বসে ১৩ জন মারা গিয়েছিলেন। কয়েকদিন আগে মিরপুর ১০ নাম্বারে মেট্টোরেলের স্টেশন থেকে ইট পড়ে ১ জন মারা গিয়েছিলেন। এরআগে গাজীপুরেও এমন ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশের উত্তরা বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ সাইফুল মালিক বলেন, নিহতরা সবাই একই গাড়িতে আরোহী ছিলেন। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে বিশেষায়িত বাসের জন্য আলাদা লেন তৈরির প্রকল্পটি তিনটি সরকারি সংস্থা- সড়ক ও জনপথ বিভাগ (আরএইচডি), বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বাস্তবায়ন করছে। তিনটি সংস্থার কাজের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন তিন প্রকল্প পরিচালক।
২০১৬ সালের মধ্যে বিআরটি নির্মাণ শেষ করার পরিকল্পনার অংশ হিসাবে ২০১২ সালের শেষের দিকে যে প্রকল্পের কাজ শুরু হয়েছিল তা ১০ বছরে এক তৃতীয়াংশও শেষ হয়নি। এই সময়ে, প্রকল্প সমাপ্তির মেয়াদ এবং ব্যয় উভয়ই দ্বিগুণ হয়েছে। ধীরগতির কারণে, প্রকল্পের সংশোধিত ব্যয় প্রারম্ভিক প্রাক্কলন ২০৩৯ কোটি টাকা থেকে ১০৯% বা ২২২৮ কোটি টাকা বৃদ্ধির পরে ৪২৬৮ কোটি টাকা অনুমান করা হয়েছে। এডিবিসহ তিনটি দাতা সংস্থা প্রকল্পটির জন্য ২ হাজার ৮৪২ কোটি ৫১ লাখ টাকা ঋণ দিচ্ছে।








