স্টাফ রিপোর্টার ॥ পরিবর্তীত সময়সূচি অনুযায়ী বুধবার (২৪ আগস্ট) একঘন্টা এগিয়ে সকাল ৮টা থেকে সরকারি অফিসের কার্যক্রম শুরু হয়েছে। সচিবালয়ে গিয়ে দেখে গেছে, সকাল সাড়ে ৭টার মধ্যে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসতে শুরু করেন। আগে সাধারণত সাড়ে ৮টার মধ্যে অফিসে পৌঁছাতেন তারা। প্রথম দিন বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সচিবালয়ের সরগরম হয়েছে।
নতুন সময়সূচির প্রথম দিনে সচিবালয়ে আসা কর্মকর্তা-কর্মচারীদের বেশ উৎফুল্ল দেখা গেছে। তবে সময়ের আগেই অফিসে পৌঁছাতে অনেকের মধ্যে তাড়াহুড়াও ছিল। কয়েকজন মন্ত্রীকেও সকাল ৮টার মধ্যে নিজ নিজ দফতরে আসতে দেখা গেছে। জানা গেছে, কয়েকজন সচিব নিজ নিজ মন্ত্রণালয়ের বিভিন্ন ফ্লোরে ঘুরে ঘুরে উপস্থিতির হার পর্যবেক্ষণ করেছেন। একইসঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে পর্দা ব্যবহার করছেন কিনা, এসি ব্যবহার করছে কিনা এবং অতিরিক্ত বাতি না জ্বালানোর বিষয়ে তারা পর্যবেক্ষণ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘ সরকার দেশের সার্বিক স্বার্থে একটি সিদ্বান্ত নিয়েছে। আমাদের সকলের উচিৎ তা যথাযথভাবে পালন করা। প্রথমদিন হিসেবে শতভাগ কার্যকরী না হলেও ২য় দিন থেকে হয়তো ঠিক হয়ে যাবে।’ কর্মচারীদের সংখ্যা প্রথমে কিছুটা কম থাকলেও সাড়ে ৮টার মধ্যে প্রায় ৯০ শতাংশ কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে উপস্থিত হন।
মূল ফটকের অভ্যর্থনা কক্ষে শুরুতে দর্শনার্থীদের উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি। তবে ৯টার পর কিছুসংক্ষক দর্শনার্থীকে ২ নম্বর গেট সংলগ্ন অভ্যর্থনা কেন্দ্রে আসতে দেখা যায়। এর আগে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজত পুলিশ, আনসার এবং বিশেষ সংস্থার সদস্যারা নিজ নিজ দায়িত্ব বুঝে নেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্যগণ সকাল ৮টার আগেই নিজ নিজ কর্মস্থলে এসে পৌঁছান।








