,

যারা কারচুপিমুক্ত ভোট চায় না তারাই ইভিএমকে ভয় পায় : ওবায়দুল কাদের

যারা কারচুপিমুক্ত ভোট চায় না তারাই ইভিএমকে ভয় পায় : ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জালিয়াতি ও কারচুপির নির্বাচন আওয়ামী লীগ চায় না। যারা কারচুপিমুক্ত নির্বাচন চায় না তারাই ইভিএমকে ভয় পায়। আগামী নির্বাচনে দেড়শ আসনে ইভিএমে ভোটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওবায়দুল কাদের। স্বাগত জানানোর সঙ্গে যারা কারচুপিমুক্ত ভোট চায় না তারাই ইভিএমকে ভয় পায় বলে মন্তব্য করেন তিনি। ২১ আগস্ট গ্রেনেড হামলার পর ২৪ আগস্ট নিহত হন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান। তার ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে বনানী কবরস্থানে আইভি রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানিয়ে এসব বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের আরও বলেন, ২০০৪ সালে রাষ্ট্রীয় সন্ত্রাসের লক্ষ্য ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানের মৃত্যু বার্ষিকীতে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রী ও দলের পক্ষ থেকে। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দীন নাছিম, আহমদ হোসেন, আব্দুস সোবহান গোলাপ, ইঞ্জিনিয়ার আবদুস সবুর, মেহের আফরোজ চুমকি, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আবদুল আউয়াল শামীম প্রমুখ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সংলাপে আমরা ৩০০ আসনেই ইভিএম চেয়েছিলাম। নির্বাচন কমিশন অর্ধেক আসনে সম্মত হয়েছে। আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাই।

তিনি বলেন, আমরা ২০১৮ সালের নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বলেছি আধুনিক যে টেকনোলজি এটা ব্যবহার করা সংগত। কারচুপির ও জালিয়াতির নির্বাচনের পুনরাবৃত্তি আমরা চাই না। তারপরও কিছু কিছু করে ইভিএম চালু করা হয়েছিল। এবারও আমরা ৩০০ আসনে চেয়েছিলাম।

ইভিএমে কোনো ঝামেলা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যারা ইভিএমকে ভয় পায়, আমি জানি না তারা জনগণের ভোট নিরপেক্ষ হোক, কারচুপিমুক্ত হোক- এটা চায় কিনা।

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক বেগম আইভি রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, আইভি রহমান সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। যখন বড় কোনো জনসভা হত তাকে মঞ্চে বসানো যেত না। তিনি নিজে নিজেই মাঠে কর্মীদের সাথে বসে থাকতেন। এ হলো তার একটা বৈশিষ্ট্য।

ওবায়দুল কাদের বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আইভি রহমান দেশের জন্য নিজেকে উৎসর্গ করে গেছেন। কখনো নেতা বা অহংকারে বুঁদ হয়ে যাননি। আজকে তার মৃত্যুর দিনে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।

ওবায়দুল কাদের বলেন, জালিয়াতি ও কারচুপির নির্বাচন আওয়ামী লীগ চায় না। তাই আধুনিক টেকনোলজি ব্যবহার করার পক্ষে। আওয়ামী লীগ চায় সুষ্ঠু নির্বাচন, তাই সব আসনে ইভিএম ব্যবহার করার দাবি জানিয়েছিল। ইভিএম পদ্ধতিতে ভোট হলে নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে।

তিনি বলেন, ১৯৭৫ সালে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল। এর মূলহোতা বিএনপি। বঙ্গবন্ধুর জনপ্রিয়তা দেখে এবং নির্বাচনে হারানো যাবে না-এটা বুঝতে পেরেই হত্যার রাজনীতি শুরু হয়েছিল। তাই ’৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যার ধারাবাহিকতায় সেই পরাজিত শক্তি ২০০৪ সালের ২১ আগস্ট রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ