স্টাফ রিপোর্টার \ জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের মূল্য ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে বৃহস্পতিবার সারাদেশে অর্ধদিবস (৬টা-১২টা) হরতালের ডাক দিয়েছিল বাম গণতান্ত্রিক জোট। কিন্তু এ দিন সকাল থেকেই সড়কে গণপরিবহন, প্রাইভেট কার, মোটরসাইকেল ও রিকশা চলাচল করতে দেখা গেছে।
বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর, ১,২, ১১, ১২ বাসষ্ট্যান্ড, মগবাজার, মহাখালী, পল্টন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা যায়।

সকাল থেকে দেখা যায়, রাজধানীর সড়কে ছিল চোখে পরার মত যানবাহন। সারাদেশে অর্ধদিবস হরতাল হলেও দেখে বুঝার কোন উপায় নেই। সড়কগুলোতে নির্বিঘ্নে চলছে যানবাহন।
অফিসের জন্য বের হয়েছেন মানুষজন। তবে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যাক সদস্যদের দেখা যায়। অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তারা বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন।
পরিবহনের চালকরা জানেন ই না, আজকে হরতাল কিনা! কেউ কেউ বলেন, এখন তো আর আগের মত হরতাল হয় না। পরিবার চালানোর জন্য তাদের কাজ করতে হয়।
মক্কা পরিবহনের হেলপার মো. আজাদ বলেন, বাসে সকাল থেকেই যাত্রীদের অনেক ভিড়। এখন পর্যন্ত আমি কোথাও হরতাল পালন করতে দেখিনি।
এর আগে, মঙ্গলবার দুপুরে শাহবাগ মোড়ে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিলে বাধা দিলে সেখানে এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করে গনতান্ত্রিক জোটের নেতারা।
তবে বেলা বাড়ার সাথে সাথে গনতান্ত্রিক জোটের নেতারা খন্ড খন্ড মিছিল নিয়ে পল্টন মোড়ে একত্রিত হয়ে রাস্তা অবরোধের চেষ্টা করে এবং যানবাহন চলাচলে বাধা দেয় । তারা বিভিন্ন ব্যানার প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে পড়ে। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে যান চলাচলে স্বাভাবিক হয়। এখনো সেখানে নেতাকর্মীরা রয়েছেন। তবে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।








