স্টাফ রিপোর্টার/ কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হিজলিয়ায় ওই দুর্ঘটনা ঘটে।
উখিয়ার থাইংখালীস্থ শাহপরী হাইওয়ে পুলিশ জানিয়েছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে হিজলিয়ায় কক্সবাজার থেকে টেকনাফগামী একটি ট্রাক যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকসাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন ও উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
নিহতরা হলেন উখিয়ার পাগলির বিল গ্রামের মৃত জয়নাল উদ্দিনের স্ত্রী সালমা খাতুন (৪৫), গুরা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫) ও রামু উপজেলার ফতেখাঁরকুল গ্রামের মনীন্দ্র ধরের ছেলে বিটু ধর (৪০)। একজনের পরিচয় পাওয়া যায়নি।
উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসাক জানান, এই দুর্ঘটনায় ৪ জন নিহত ও একজন আহত হয়েছেন। আহত হাবিব উল্লাহ (৩০) রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের সিকদার পাড়ার নুরুল আলমের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।








