স্টাফ রিপোর্টার/ মানবাধিকারসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশ সম্পর্কে কোনো উদ্বেগ প্রকাশিত হয়নি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এ তথ্য উঠে এসেছে।
জাতিসংঘের দৃষ্টিতে যেসব দেশ বা অঞ্চলে মানবাধিকার ও মানবিক অধিকার নিয়ে সমস্যা ও উদ্বেগ রয়েছে, তা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেলের সর্বশেষ রিপোর্টে প্রকাশিত হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের দেশ গুলোর মধ্যে বাংলাদেশের নাম নেই।
এ উপলক্ষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার গত বৃহস্পতিবার প্রেস কনফারেন্সের মাধ্যমে এই রিপোর্ট প্রকাশ করেন। আগামী ৩১ আগস্ট জাতিসংঘের মানবাধিকার প্রধান হিসেবে চার বছর মেয়াদ পূর্ণ করবেন মিশেল।
রিপোর্টে বলা হয়, গুম-খুনের মতো বিশেষ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেসব দেশে বিরাজমান, সে বিষয়ে উল্লেখ করা হয়েছে। মিশেলের রিপোর্টে রোহিঙ্গা ইস্যুতে সর্বাধিক গুরুত্ব প্রদান এবং অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার বিষয়ক মানবাধিকারের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসব ক্ষেত্রে নানা যুগান্তকারী অর্জনকে বিশেষভাবে স্বীকৃতি দেয়া হয়েছে।
মিশেলের এই রিপোর্টে মূলত জাতিসংঘের দৃষ্টিতে গত চার বছরে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির একটা মূল্যায়ন ফুটে উঠেছে। জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রধান হিসেবে বাংলাদেশসহ যেসব দেশে মিশেল সফর করেছেন, তার একটা তালিকা উল্লেখ করেছেন। দেশগুলো হলো- বুরকিনা ফাসো, নাইজার, আফগানিস্তান, চীন, বসনিয়া ও হার্জেগোভিনা, পেরু এবং বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়ার পর মিশেলের এই রিপোর্টকে গুরুত্বসহকারে দেখছে ঢাকা। সফরকালে সরকার এবং আওয়ামী লীগের পক্ষ থেকে মানবাধিকার বিষয়ে যেসব তথ্য-উপাত্ত দেয়া হয়েছিল, সেগুলো তারা গুরুত্ব সহকারে আমলে নিয়েছেন। জাতিসংঘের রিপোর্টে তার প্রতিফলন ঘটেছে।
মিশেল তার রিপোর্টে উল্লেখ করেন, আমার মেয়াদকালে পৃথিবীর মৌলিক পরিবর্তন ঘটেছে। বৈশ্বিক কোভিড মহামারির অপরিসীম নেতিবাচক প্রভাব, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান বিশে^র দেশ গুলোর পরিবর্তন এবং ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীর দেশে দেশে তীব্র খাদ্য, জ্বালানি ও আর্থিক সংকট বিরাজ করছে।
মিশেলের রিপোর্টে পৃথিবীর বিভিন্ন দেশে মৃত্যুদণ্ড প্রথা বাতিল করার ক্ষেত্রে নানা উদ্যোগ, অগ্রগতি ও প্রতিবন্ধকতার তথ্য উঠে আসে। কোন কোন দেশে কি কি অগ্রগতি হয়েছে। এই বিষয়টিও ওই রিপোর্টে তুলে ধরা হয়েছে। তার নিজ দেশ চিলিতে দুইবার রাষ্ট্রপতির দায়িত্বে পালনের অভিজ্ঞতার আলোকে মিশেল উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনা অনেক কঠিন কাজ। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবসময়ই নানা দাবি, সংকট ও সমস্যা থেকে যায়। রাজনৈতিক সদিচ্ছা থাকলে সব সংকটই অতিক্রম করা সম্ভব।
মিশেল তার চার বছরের মেয়াদকালে যেসব দেশে গিয়েছেন, যেসব মানবাধিকার কর্মী ও মানবাধিকার লঙ্ঘনের ভিকটিমদের সঙ্গে কথা বলেছেন। ওই দেশের গুলো নিয়ে একটি সারসংক্ষেপ রিপোর্ট প্রকাশ করেছেন। বিশেষ করে আফগানিস্তানের নারী মানবাধিকার কর্মীদের সাহসের প্রশংসা করা হয়। মেক্সিকোর হারিয়ে যাওয়া মায়েদের শক্ত মনোবলের কথা বলা হয়। কঙ্গো প্রজাতন্ত্রের যৌন নিপীড়নের শিকার নারীদের কথা বলা হয়েছে। জলবায়ু পরিবর্তন এবং অবৈধ মাইনিংয়ের কারণে নানা ঝুঁকিতে থাকা পেরুর আদিবাসীদের অধিকারের কথাও বলা হয়। এছাড়াও আফ্রিকার বুরকিনা ফাসোতে অভ্যন্তরীণ বসতিহারা মানুষের কথা উল্লেখ করেছেন। এছাড়া নাইজার, ভেনিজুয়েলা, বসনিয়া ও হার্জেগোভিনা, ইথিওপিয়া, ইয়েমেন, সিরিয়া ও হাইতির বিভিন্ন বিষয়ও উঠে এসেছে তার রিপোর্টে।
মিশেলের রিপোর্টে বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের কথা বিশদভাবে উঠে আসে। তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে এক রোহিঙ্গা শিক্ষকের সঙ্গে কথা বলে তার স্বপ্নভঙ্গের কথা জানতে পারেন। মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধ ও মানবিক বিপর্যয়ের ফলে প্রায় ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে শেখ হাসিনার সরকার বাংলাদেশে আশ্রয় দিয়েছে। ব্যাপক মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধের জন্য মিয়ানমারের জান্তা সরকারকে দায়ী করা হয় ওই রিপোর্টে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধ বন্ধের জন্য নেপিদো কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টির জন্য আহ্বান জানানো হয়েছে।
মিশেল তার রিপোর্টে উল্লেখ করেন, ইউক্রেন যুদ্ধের ফলে যে মানবিক বিপর্যয় হচ্ছে। ইউক্রেনের ওপর সশস্ত্র আক্রমণ বন্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ জানান তিনি। রিপোর্টে উভয় পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের নীতি মেনে চলার অনুরোধ করেন।








