স্টাফ রিপোর্টার \ রাজাকারদের ধমক দেখার জন্য দেশ স্বাধীন করা হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, ‘রাজাকারদের কথায়, রাজাকারদের ধমকে বাংলাদেশ চলবে ভাবার সুযোগ নেই। আমরা একাত্তরে রাজাকারদের পরাজিত করেছি। আগামীতে যদি একাত্তরের রাজাকার, প্রেতাত্মারা আবার মাথা তুলে দাঁড়াতে চায় তাদেরকে প্রতিহত করবো।’
চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, ‘যারা বিএনপির নেতৃত্বে আছেন তাদের বেশিরভাগ রাজাকার পরিবারের সন্তান। এরা কথায় কথায় মুক্তিযুদ্ধের কথা বলে অথচ এদের বাপ-চাচার অনেকেই ছিলেন রাজাকার। রক্তে অর্জিত এই দেশকে আমরা পাকিস্তানের ইশারায় ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে দিতে পারি না। সেটা এই দেশে হবে না। দেশকে পাকিস্তান বানানোর সেই স্বপ্ন বিএনপির দুঃস্বপ্ন হিসেবেই থাকবে।’
বিএনপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, ‘বিএনপি সরকারে পতনের ডাক দিচ্ছে। পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। দেশের কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে আমাদের বাধা নেই। আন্দোলন করেন কিন্তু আন্দোলনের নামে সহিংসতা, সংঘাত করে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইলে সরকার ছাড় দিবে না, আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছাড় দেবে না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজপথে যেকোনো অপরাজনীতি, সন্ত্রাসকে মোকাবিলা করবে।’
বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এমন অভিযোগ করে হানিফ বলেন, ‘২০১৩ সালে বিএনপি-জামায়াত হত্যা, হরতালের মাধ্যমে দেশের উন্নয়ন, অগ্রযাত্রায় বারবার আঘাত করেছে। তারা এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছে।’
সভায় চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








