স্টাফ রিপোর্টার : ইউরোপের বাজারে বাংলাদেশি পোশাক দাপট দেখিয়ে চলেছে। দাপুটে অবস্থান গড়েছে। পোশাক খাতে দাপুটে অবস্থান অব্যাহত রয়েছে। বাংলাদেশ থেকে পোশাক রপ্তানির পরিমাণ আরও বেড়েছে। পোশাক রপ্তানি প্রবৃদ্ধির দিক থেকেও বাংলাদেশের অবস্থান শীর্ষে।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পোশাক রপ্তানি বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ৪৫ শতাংশ, যা প্রায় ৯.৫৮ বিলিয়ন ডলার। যেখানে সারাবিশ্ব থেকে বেড়েছে ২৪ শতাংশ। ২০২১ সালের তুলনায় ২০২২ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়কালের ব্যবধানে এই প্রবৃদ্ধি হয়েছে। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ‘ইউরোস্ট্যাট’-এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইউরোস্ট্যাট’র তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি বেড়েছে ২৪.৩৭ শতাংশ। চীন থেকে রপ্তানি বেড়েছে ২০.৬৭ শতাংশ, বাংলাদেশ থেকে ৪৪.৯৫ শতাংশ, তুর্কি থেকে ২০.৭০ শতাংশ ও ভিয়েতনাম থেকে ২২ শতাংশ।
বিশ্লেষণে দেখা গেছে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে ৪৪.৯৫ শতাংশ পোশাক রপ্তানি বেড়েছে। মাসভিত্তিক তথ্যে জানুয়ারিতে প্রবৃদ্ধি ৪৬ শতাংশ, ফেব্রুয়ারিতে ২৭ শতাংশ, মার্চে ৫৩ শতাংশ, এপ্রিলে ৩৫ ও মে মাসে ৬২ শতাংশ। ২০২০ সালের তুলনায় ২০২২ সালের জানুয়ারি থেকে মে মাসে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ৫৮.২৯ শতাংশ এবং ২০১৯ সালের তুলনায় প্রবৃদ্ধি ২৭ শতাংশ।
পরিসংখ্যান অনুযায়ী, উল্লিখিত সময়ে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানির পরিমাণ ৪৪.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯.৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এই সময়ে তাদের বৈশ্বিক পোশাক আমদানি ২৪.৩৭ শতাংশ বেড়েছে। চীন থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি বছরে ২০.৬৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০.১৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। উল্লেখযোগ্য প্রবৃদ্ধিসহ অন্যান্য দেশগুলো হলো – কম্বোডিয়া ৩২.৬৮ শতাংশ, পাকিস্তান ২৯.২৮ শতাংশ, ইন্দোনেশিয়া ২৫ শতাংশ ৩৬ শতাংশ, ভিয়েতনাম ২২.৩৪ শতাংশ এবং মরক্কো ২০.০৫ শতাংশ।
এর আগে চলতি মাসের শুরুতে ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) তথ্য প্রকাশ করেছে যে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য রপ্তানি বেড়েছে ১৮৮ কোটি ৭৯ লাখ ৮ হাজার ডলার। যা শতাংশের হিসাবে ৬০.৩০ শতাংশ। ডেটা অনুসারে, ২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৫০১ কোটি ৯০ লাখ ৭ হাজার ডলারের। ২০২১ সালের একই সময়ে পোশাক পণ্য রপ্তানি হয়েছিল ৩১৩ কোটি ১০ লাখ ৯ হাজার ডলারের। সে হিসাবে ২০২১ সালের তুলনায় ২০২২ সালের একই সময়ে পোশাক পণ্য রপ্তানি বেড়েছে ১৮৮ কোটি ৭৯ লাখ ৮ হাজার ডলারের।
এদিকে আগস্টের প্রথম ২২ দিনে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বার্ষিক ৫৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, এসময় রপ্তানি হয়েছে ২.৫ বিলিয়ন ডলারের। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের কারণে রেকর্ড মূল্যস্ফীতির কবলে বাংলাদেশের পোশাক খাতের প্রধান রপ্তানি গন্তব্যের দেশগুলো। এর মধ্যেই এ অগ্রগতি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, প্রথমবারের মতো একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে রপ্তানির পরিমাণ ১০ বিলিয়ন ডলার ছাড়ায় ২০২১-২২ অর্থবছরে। এরমধ্যে ৯ বিলিয়ন ডলারই এসেছে তৈরি পোশাক খাত থেকে।








