স্টাফ রিপোর্টার \ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ও দলটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়া সুস্থ আছেন- কোনো অবস্থাতেই এটা বলার সুযোগ নেই। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। তার সুচিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন।
রবিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। পরীক্ষা শেষে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ওই সময় সাংবাদিকদের ডা. জাহিদ বলেন, খালেদা জিয়াকে এবারসহ ছয়বার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বেশ কিছু পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। পরীক্ষা শেষে চিকিৎসা বোর্ডের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন।
উন্নত চিকিৎসার জন্য খালেদাকে বিদেশে নেয়া প্রয়োজন বলে উল্লেখ করে বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, আশা করি প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে একজন নাগরিক হিসেবে সরকার তার সুচিকিৎসা নিশ্চিত করবে।
খালেদা জিয়াকে হাসপাতালে কতদিন থাকতে হবে ও পরীক্ষার রিপোর্টে কী এসেছে? এ প্রশ্নের উত্তরে ডা. জাহিদ বলেন, চিকিৎসাশাস্ত্রে আগাম কোনো কিছু বলার সুযোগ নেই। তাছাড়া কোনো রোগীর ব্যক্তিগত গোপনীয়তা চিকিৎসকদের বলাটা উচিত নয়, দায়িত্বও নয়।
এর আগে গত ২২ আগস্ট খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। তখন তার এক্স-রে, ইকো, ইসিজিসহ রক্তের বিভিন্ন পরীক্ষা করা হয়।
২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাগারে যেতে হয় সাবেক এ প্রধানমন্ত্রীকে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও সাজার রায় আসে। ২০২০ সালে ২৫ মার্চ নির্বাহী আদেশে খালেদাকে সাময়িক মুক্তি দেয় সরকার।
কারাগার থেকে মুক্তির পর বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হন তিনি। এর আগে চলতি বছরের ১১ জুন বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে ২৪ জুন বিকেলে তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া অনেক বছর ধরে হৃৎপিণ্ডের রক্তনালীতে ব্লক, আর্থ্রাটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।








