,

সোভিয়েতের শেষ নেতা মিখাইল গর্বাচেভ আর নেই

সোভিয়েতের শেষ নেতা মিখাইল গর্বাচেভ আর নেই

আন্তজার্তিক ডেস্ক – সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ মারা গেছেন। ৯১ বছর বয়সে মারা গেছেন তিনি। রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্টি এবং ইন্টারফ্যাক্স সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে। মঙ্গলবার দিনগত রাতে হাসপাতালটি এক বিবৃতিতে জানায়, দীর্ঘ অসুস্থতার পর সন্ধ্যায় মারা গেছেন গর্বাচেভ।

এর আগে সাবেক সোভিয়েত প্রেসিডেন্টের অফিস জানিয়েছিল তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৯৯৯ সালে স্ত্রী রাইসা গর্বাচেভের মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েন তিনি। জানা গেছে, মস্কোর নোভোডেভিচি কবরস্থানে স্ত্রী রাইসার পাশে সমাহিত করা হবে তাকে।

রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ছিলেন গর্বাচেভ। তবে ২০১৪ সালে পুতিনের নির্দেশে যখন ক্রিমিয়া দখল করে রাশিয়া, তখন তার পক্ষেই ছিলেন তিনি। গত বছর গর্বাচভের ৯০তম জন্মদিনে তাকে আবার প্রশংসায় ভাসিয়েছিলেন পুতিন। গর্বাচেভের মৃত্যুতে পুতিন শোক জানিয়েছেন বলে জানায় ইন্টারফ্যাক্স।

১৯৮৫ থেকে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন পর্যন্ত নেতৃত্ব দেন গর্বাচেভ। প্রবাদপ্রতীম কমিউনিস্ট নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের গড়া সোভিয়েত ইউনিয়ন ১৯৯১ সালে ভেঙে পড়লে আলাদা আলাদা ১৫টি জাতিরাষ্ট্র গড়ে ওঠে, তার মধ্যে বড়টি হল আজকের রাশিয়া। গর্বাচেভ এমন সময় মারা গেলেন যখন রাশিয়া ইউক্রেনে তার আগ্রাসন চালিয়ে যাচ্ছে এবং মস্কো-পশ্চিমাদের মধ্যে উত্তেজনা বেড়েছে।

গর্বাচেভ স্নায়ুযুদ্ধের অবসানে তার ভূমিকার জন্য ১৯৯০ সালে নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন। তবে রাশিয়ার অনেকেই তাকে সোভিয়েত ইউনিয়নের পতন এবং ১৯৯০-এর দশকের গোড়ার দিকে দেশটি যে সামাজিক ও অর্থনৈতিক সংকটের সাক্ষী হয়েছিল তার জন্য দায়ী বলে মনে করেন। যদিও ১৯৯২ সালে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে গর্বাচেভ বলেছিলেন, ‘আমি নিজেকে এমন একজন মানুষ হিসেবে দেখি যিনি দেশ, ইউরোপ এবং বিশ্বের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো শুরু করেছিল।’

বিংশ শতাব্দীর শেষ দিকে এসে বিশ্বব্যবস্থায় একটি বড় পরিবর্তন আসে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে। কমিউনিস্ট শাসিত রাশিয়া যাত্রা করে এক দলীয় ব্যবস্থা থেকে গণতন্ত্রের দিকে। এ ঘটনার পেছনের ব্যক্তিটি ছিলেন গর্বাচভ। তবে বর্ষীয়ান এই রাজনীতিবিদ অনেক কমিউনিস্টের কাছে কাছে খলনায়ক বিবেচিত হলেও গণতন্ত্রকামী বিশ্ববাসীর কাছে নায়ক হিসেবেই পরিচিত। দুই জার্মানির পুনঃএকত্রীকরণের ক্ষেত্রেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে গর্বাচেভকে দেখে এসে অর্থনীতিবিদ রুসলান গিনবার্গ বলেছিলেন, ‘তিনি আমাদের মুক্তি এনে দিয়েছিলেন। তবে আমরা বুঝতে পারিনি, এ পথে কীভাবে চলতে হয়।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ