,

এশিয়ার সেরা স্ট্রিট ফুডের তালিকায় বাংলাদেশের ফুচকা

এশিয়ার সেরা স্ট্রিট ফুডের তালিকায় বাংলাদেশের ফুচকা

স্টাফ রিপোর্টার – ফুচকা আর চটপটির নাম শুনলেই যেন জিভে জল এসে পড়ে। এই মুখরোচক খাবার কেউ পছন্দ করেন না- এমন বাংলাদেশি কমই আছেন। বিশেষ করে আলু আর ছোলার মিশ্রণ ভরা মুচমুচে ফুচকা আর তার সঙ্গে টক কিংবা মিষ্টি পানির নাম শুনলেই অনেকের জিভে জল আসে। বাংলাদেশের প্রতিটি শহরের অলি-গলিতে ছড়িয়ে পড়া এই মুখরোচক খাবারটি এবার স্থান পেয়েছে এশিয়ার সেরা ৫০টি স্ট্রিট ফুডের একটি হিসেবে। সিএনএন ট্রাভেল সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে।

সিএনএন বলছে, হাল্কা মিষ্টি, একটু টক ও ঝাল স্বাদের ফুচকা বাংলাদেশের সর্বজনীন এক স্ট্রিট ফুড। সাধারণত ময়দার তৈরি মুচমুচে ফাঁপা গোলকের ভেতর আলু আর ছোলার মিশ্রণ ভরাট করে দেওয়া হয়। পেঁয়াজ, শসা, ধনেপাতা, কাঁচামরিচ এবং চটপটির বিশেষ মসলা এই খাবারে বিশেষ মাত্রা যোগ করে। পরিবেশনের আগে দোকানি ফুচকার ওপরে সেদ্ধ ডিমের কুচিও ছড়িয়ে দেন। এরপর একটি ছোট কাপে করে তেঁতুলের পানি দেওয়া হয়। একেকটি ফুচকা মুখে পুরে নেওয়ার আগে সেই তেঁতুলের পানি মিশিয়ে সাধারণত খাবারটি উপভোগ করেন বাংলাদেশিরা।

তালিকায় বাংলাদেশি ফুচকা ছাড়াও স্থান পেয়েছে লাওসের বিখ্যাত স্ট্রিট ফুড নাম খাও, খাও জি, তাইওয়ানের স্টিনকি টফু, বাবল টি, ভুটানের ইমা ডাটসি, মঙ্গোলিয়ার খুসুর, দক্ষিণ কোরিয়ার কিমবাপ, তিয়োকবকি, ইন্দোনেশিয়ার গাদো গাদো, রোজাক, গিতুক, জাপানের তাকোয়াকি, সফুতো কুরিমু আইসক্রিম, মিয়ানমারের মোহিনগা, লাহপেত থোকে, পাকিস্তানের বান কাবাব, ফালুদা, চীনের রো জিয়া মো, লাপিঙ, জিয়ানবিং, ভিয়েতনামের ভান মি, থাইল্যান্ডের সাই ক্রোক ইসান, শ্রীলঙ্কার হোপারস, আচ্চারু, ভারতের বড় পাও, কম্বোডিয়ার লর্ট ছা, মালয়েশিয়ার লাসিলিমাক ইত্যাদি। বাংলাদেশে জনপ্রিয় ফুচকা ভারতে পানিপুরি, গোল গাপ্পা ও গুপচুপ নামেও পরিচিত।

 

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ