স্টাফ রিপোর্টার – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, টালবাহানা না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। বিএনপির প্রতি এ আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে তিনি এ কথা জানান। বলেন, ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচন ছাড়া বিকল্প পথ নেই। বিএনপি নেতারা মাঠে নামতে ভয় পায়। আন্দোলনের ডাক দিয়ে তারা ঘরে বসে থাকে।
ওবায়দুল কাদের জানান, প্রতিদ্বন্দ্বী শক্তিশালী হলে নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। দেশে ভালো একটা নির্বাচন হোক, আওয়ামী লীগ তা মনে প্রাণে চায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, শেখ হাসিনাকে আগামী নির্বাচনে জনগণের ভোটে পরাজিত করা সম্ভব নয়। বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে ব্যবস্থা নেয়া হবে। বিএনপিকে ষড়যন্ত্রের পথ থেকে সরে এসে নির্বাচনের মাঠে মোকাবেলা করার আহ্বান জানান তিনি।
বিরোধী দল যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্য মাঠ খালি করতে হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর এ ধরনের বক্তব্যকে হাস্যকর ও নির্লজ্জ মিথ্যাচার বলে অভিহিত করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতারাই তো মাঠে নামতে ভয় পান। তাঁরা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকেন। আমরা বারবার চেয়ে এসেছি, বিএনপি নির্বাচনে আসুক।
নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক আর আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না বলে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, প্রতিদ্বন্দ্বী শক্তিশালী হলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। নির্বাচন খুব বেশি দূরে নয়। আপনারা জোট করুন বা নিজেরা একা আসুন, সেটা আপনাদের ব্যাপার। নির্বাচনে আসতে হবে। ক্ষমতার মঞ্চে কোনো পরিবর্তন চাইলে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই।
বিএনপিকে সহিংসতার দিকে ঠেলে দিতে না পেরে সরকার মনঃকষ্টে ভুগছে, বিএনপির এমন বক্তব্যের জবাব দিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কোনো মনঃকষ্টে ভুগছে না। বরং শেখ হাসিনার জনপ্রিয়তা দেখে বিএনপি মনঃকষ্টে ভুগছে।
তিনি বলেন, বিএনপি বুঝে গেছে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আগামী নির্বাচনে জনগণের ভোটে পরাজিত করা সম্ভব নয়। বিএনপি নেতারা বারবার ঐক্যের ডাক দিয়ে গলা শুকিয়ে ফেললেও জনগণ তাঁদের ডাকে সাড়া দিচ্ছে না। সেই কারণেই তাঁদের মনঃকষ্ট বেড়েই চলছে।
ওবায়দুল কাদের বলেন, সরকারি দল কেন বিএনপিকে সহিংসতার দিকে ঠেলে দিতে যাবে? কোনো সরকারি দল কি চায়, দেশকে অস্থির করতে, দেশে সংঘাতপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি করতে? শেখ হাসিনার সরকার দেশে শান্তি ও স্বস্তি চায়।
বিএনপি নেতাদের উদ্দেশে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আন্দোলন করেন ভালো কথা। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে জনগণের জানমাল রক্ষায় যা যা করা দরকার, সরকার তাই করবে। এখনো সময় আছে, ষড়যন্ত্রের পথ থেকে সরে এসে নির্বাচনের পথে আসুন। নির্বাচনের মাঠেই আপনারদের সঙ্গে মোকাবিলা হবে।








