স্টাফ রিপোটার- খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষিখাতকে বরাবরই অগ্রাধিকার দিয়ে আসছে সরকার। এর সুফলও মিলেছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষিখাতে ভর্তুকিসহ আছে নানান সুবিধা। উৎপাদন অব্যাহত রাখতে ভর্তুকি দিয়ে কমমূল্যে কৃষকদের সার সরবরাহ করা হয়। ভর্তুকির সারের মধ্যে টিএসপি অন্যতম। সরকারের এই সুবিধার অপব্যবহার করছে একটি চক্র। সার পরিবহনের আড়ালে চক্রটি ভেজাল মিশিয়ে সেই সার ছড়িয়ে দিচ্ছে সারাদেশে। এ কাজে জড়িত একশ্রেণির পরিবহন ঠিকাদার সিন্ডিকেট।
অভিযোগ রয়েছে, সার পরিবহনের ঠিকাদারদের সঙ্গে করা চুক্তির দুর্বলতার কারণে সহজেই ভেজাল মেশাতে পারছে চক্রটি। এর পেছনে সার উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান টিএসপি কমপ্লেক্স লিমিটেডের (টিএসপিসিএল) একশ্রেণির কর্মকর্তার যোগসাজশের অভিযোগ রয়েছে।
২০২১ সালে সারাদেশে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বাফা) জন্য বেশ কয়েকটি গোডাউন নির্মাণ করে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। সরকারি কারখানায় উৎপাদিন সার জেলা পর্যায়ে বাফার গোডাউনে মজুত করে স্থানীয় ডিলারদের সরবরাহ করে বিসিআইসি। সারে ভেজাল মেশানো ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাফার গোডাউন নির্মাণ করা হলেও সেই সুফল মিলছে না। এখন বাফার গোডাউনে যাওয়ার আগেই সারে ভেজাল মেশাচ্ছেন পরিবহন ঠিকাদাররা। ফলে নিজেদের অজান্তেই ডিলারদের ভেজাল সার সরবরাহ করছে বাফা।
চলতি বছরের মার্চ মাসে যশোরে বাফার গোডাউনে ভেজাল সার ধরা পড়ে। এ নিয়ে ঠিকাদার ও এক প্রতিনিধিসহ দুজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলাও হয়। ওই মামলায় দুই আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। তবে এরপর পুলিশ আর কাউকে আইনের আওতায় আনতে পারেনি। এমনকি যেসব ট্রাক পুলিশ জব্দ করেছিল, সেসব ট্রাকের চালক-হেলপারদেরও আইনের আওতায় আনা হয়নি।
টিএসপিসিএল সূত্রে জানা যায়, চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত টিএসপি কমপ্লেক্স সার কারখানা থেকে গত ২৭ থেকে ২৯ আগস্ট তিন চালানে ১৮টি ট্রাকে টিএসপি সার বগুড়া বাফার গোডাউনে পাঠানো হয়। এর মধ্যে ২৭ আগস্ট ১২ ট্রাক, ২৮ আগস্ট ৫ ট্রাক এবং ২৯ আগস্ট এক ট্রাক সার বগুড়ায় যায়। এগুলোর মধ্যে ৭ ট্রাক সার ২৯ আগস্ট সকালে বগুড়ায় বাফার গোডাউনে পৌঁছায়। ওইদিন সকালেই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৯৮৮৩) থেকে সার আনলোড করার সময় আগের দেওয়া টিএসপি সারের সঙ্গে ভিন্নতা দেখতে পান কর্মচারীরা।
বস্তাগুলোতে অসামঞ্জস্যতা দেখে তারা সার আনলোড বন্ধ করে দেন। পরে বগুড়া জেলা প্রশাসক বিষয়টি জানতে পেরে ওই সাত ট্রাক থেকে সারের নমুনা সংগ্রহ করে দ্রুত পরীক্ষার নির্দেশ দেন। পরদিন সবগুলো ট্রাক বগুড়া বাফার গোডাউনে পৌঁছায়। এসব সার পরিবহনের দায়িত্বে ছিল চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাট এলাকার এম এইচ ভবনের মেসার্স এম এইচ আর করপোরেশন। সার পরিবহনে তাদের প্রতিনিধি হিসেবে কাজ করেন আবু তাহের নামে আরেক ব্যক্তি।
এর মধ্যে টিএসপি কর্তৃপক্ষ টিএসপিসিএলের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রধান রসায়নবিদ রেজাউল হককে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করে। কমিটির সদস্য করা হয় টিএসপিসিএলের ব্যবস্থাপক (প্রশাসন) মাজহারুল ইসলামকে। এছাড়াও প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) আওয়াল হোসেনকে করা হয় সদস্য সচিব। ৩০ আগস্ট ওই কমিটি বগুড়ায় গিয়ে ১৮টি ট্রাক থেকে সারের নমুনা সংগ্রহ করে। এদিকে, বগুড়া জেলা প্রশাসনের তদন্ত দল রাজশাহী মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউটে নমুনা পরীক্ষা করে সবগুলো ট্রাকেই ভেজাল সারের অস্তিত্ব পায়। এরপর টিএসপির তদন্ত কমিটি গত ১ সেপ্টেম্বর রাতে তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে ওই সাতটিসহ ৯টি ট্রাকে ভেজাল সারের অস্তিত্ব আছে বলে জানানো হয়।








