,

স্ত্রীর দায়ের করা মামলায় আগাম জামিন পেয়েছেন ক্রিকেটার আল-আমিন

স্টাফ রিপোর্টার- যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় আগাম জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে জামিন পাওয়ার পর সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান এই ক্রিকেটার। মামলার বিষয়ে কোন কথা বলতেও রাজি নন তিনি।

এ সময় তাকে নিয়ে প্রকাশিত সংবাদ নিয়ে প্রশ্ন তুলে আল-আমিন বলেন, একজনের বিষয়ে লিখলে জেনে লেখা উচিত। তখন সাংবাদিকরা তার বিরুদ্ধে করা মামলা মিথ্যা কিনা জানতে চাইলে বলেন, আমি মানসিক ভাবে অসুস্থ। সব বিষয়ে আগামীকাল কথা বলবো।

এর আগে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় হাইকোর্টে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই পেসার। আট সপ্তাহ পরে তাকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসর্মপণ করার জন্য বলেছেন আদালত।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান  ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। জামিনের বিষয়ে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহাবুব। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম। এর আগে সোমবার জামিন আবেদন করেন আল-আমিনের আইনজীবী ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, ফ্ল্যাটের মূল্য পরিশোধের জন্য স্ত্রী ইসরাত জাহানের কাছে  ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন ক্রিকেটার মো. আল-আমিন হোসেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় স্ত্রীকে মারধর করেন তিনি। পরে এসব অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন তার স্ত্রী ইসরাত। পরে তা মামলা আকারে নথিভুক্ত করা হয়।

ক্রিকেটার আল আমিন ও ইসরাত জাহান দম্পতির দুটি ছেলে সন্তান রয়েছে। তারাও মায়ের সঙ্গে থানায় এসেছিল। এর আগে গত ২ সেপ্টেম্বর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাচ্চাসহ বের করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মামলার এজহার গ্রহণ করে এদিন ধার্য করেন।

গত বৃহস্পতিবার স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার সেটি মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ