,

বাংলাদেশে গাড়ির কারখানা বানাতে চায় অশোক লেল্যান্ড

বাংলাদেশে গাড়ির কারখানা বানাতে চায় অশোক লেল্যান্ড

স্টাফ রিপোর্টার – বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশে গাড়ির কারখানা বানাতে চায় অশোক লেল্যান্ড। বাণিজ্যমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশে ইলেকট্রিক গাড়ি বা হাইব্রিড অটোমোবাইলে বিনিয়োগ করতে চেয়েছে ভারতীয় মোটর জায়ান্ট অশোক লেল্যান্ডের মতো বড় ভারতীয় প্রতিষ্ঠান।’

ভারতের মোটর জায়ান্ট অশোক লেল্যান্ডের মতো প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ইলেকট্রিক গাড়ি নির্মাণ কারখানা গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রতিবেশী দেশটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের রাষ্ট্রীয় সফরের তৃতীয় দিন বুধবার তিনি এ কথা জানান।

এর আগে সকালে নয়াদিল্লির হোটেল আইটিসি মৌরিয়াতে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেন বাণিজ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ইলেকট্রিক গাড়ি বা হাইব্রিড অটোমোবাইলে বিনিয়োগ করতে চেয়েছে ভারতীয় মোটর জায়ান্ট অশোক লেল্যান্ডের মতো বড় ভারতীয় প্রতিষ্ঠান।’ তিনি জানান, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেপা চুক্তি নিয়ে মন্ত্রী বলেন, ‘কম্প্রিহেনসিভ ইকনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সেপা অবশ্যই হবে ভারতের সঙ্গে, তবে কিছুটা সময় লাগবে। যত তাড়াতাড়ি সম্ভব এটি করতে চায় বাংলাদেশ।’
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন এবং বাণিজ্য অংশীদার বাংলাদেশ। বাংলাদেশকে বিনিয়োগের সবচেয়ে উদার দেশ হিসেবে বর্ণনা করে ভারতীয় বিনিয়োগকারীদের এদেশের অবকাঠামো, শিল্প-কারখানা, জ্বালানি ও পরিবহন খাতে ব্যাপক বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমি ভারতীয় বিনিয়োগকারীদের অবকাঠামো, প্রকল্প, শিল্পকারখানা, জ্বালানি এবং পরিবহন খাতে সম্ভাব্য বিনিয়োগ বিবেচনা করার জন্য অনুরোধ করব। ভারতীয় বিনিয়োগকারী ও ব্যবসায়িক প্রতিষ্ঠান কম সময়ে, সাশ্রয়ী ব্যয় এবং স্বল্প সম্পদে উৎপাদিত পণ্যের বিক্রয়ের নিশ্চয়তাসহ বাই-ব্যাক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শিল্প স্থাপন করতে পারেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে এই অঞ্চলের সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থা রয়েছে, যেখানে বিস্তৃত সুযোগ-সুবিধা, আকর্ষণীয় প্রণোদনা নীতি এবং ধারাবাহিক সংস্কার প্রক্রিয়ার সুযোগ রয়েছে।
তিনি বলেন, বর্তমানে শিল্প, কর্মসংস্থান, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি এবং বহুমুখীকরণের মাধ্যমে বিনিয়োগ ও দ্রুত অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং ২৮টি হাই-টেক পার্ক স্থাপন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, এটি দুই বন্ধুপ্রতিম দেশের সদিচ্ছাকে কাজে লাগানোর পথকে আরও প্রশস্ত করবে এবং এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি আনবে। ভৌগোলিকভাবে বাংলাদেশের সুবিধাজনক অবস্থানের কারণে ভারতীয় বিনিয়োগকারীরা তাদের পণ্য শুধুমাত্র ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিতেই নয়, নেপাল, ভুটান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতেও রপ্তানি করতে সক্ষম হবেন।

তিনি বলেন, ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায়ের বাংলাদেশের দিকে আরও বেশি মনোযোগ দেয়ার এবং এর অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বল্প খরচ এবং বিশাল ভোক্তা ভিত্তির সুবিধা নেয়ার সময় এসেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুই প্রতিবেশী দেশের সম্পর্ক প্রতিবেশী কূটনীতির রোল মডেল হিসেবে পরিচিত।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ