,

গোমাংস নিয়ে মন্তব্যের জেরে বিক্ষোভের মুখে রণবীর-আলিয়া

স্টাফ রিপোর্টার- ২০১১ সালে ‘রকস্টার’ ছবির প্রোমোশনের সময় একটি সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, “আমার পরিবার পেশোয়ারের। ফলে পোশায়ারি খাবারের সঙ্গে পরিচিত আমি। মটন, পায়া এবং গোমাংসও ভালবাসি। গোমাংসের বড় ভক্ত আমি।” সেই মন্তব্যেও জেরে ২০২২ সালে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা’ মুক্তির আগে বিক্ষোভের মুখে পরে রণবীর এবং আলিয়া।

আগামী শুক্রবার (৯ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে তাদের অভিনীত বহুল আলোচিত ছবি ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা’। তার আগে মঙ্গলবার উজ্জয়িনীর শিব মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছন ছবির নায়ক-নায়িকা। সঙ্গে ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। মন্দিরের কাছে পৌঁছতেই বিক্ষোভের মুখে পড়েন তাঁরা।
মঙ্গলবার মুম্বই থেকে রওনা হয়ে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের সামনে পৌঁছনোর পর তাঁদের অভ্যর্থনা জানানো হয় মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। কিন্তু মন্দিরে ঢুকতে যেতেই বাধা দেন আগে থেকেই জড়ো হয়ে থাকা হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা। ১১ বছর আগে গোমাংস নিয়ে করা রণবীরের একটি মন্তব্যকে তুলে ধরে বিক্ষোভ দেখানো হয়।

তাঁর ছবি বয়কট করারও আওয়াজ উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। রণবীর-আলিয়ারা মহাকালেশ্বর মন্দিরে আসার আগেই বজরং দলের স্থানীয় নেতা অঙ্কিত জিন্দল হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “রণবীর-আলিয়াকে আমরা মন্দিরে ঢুকতে দেব না। রণবীর বলেছিলেন, গোমাংস খাওয়া ভাল। যাঁরা এই ধরনের চিন্তভাবনা করেন, তাঁদের মহাকালেশ্বর মন্দিরে কোনও ভাবেই ঢুকতে দেওয়া হবে না।”

মঙ্গলবার আলিয়া, রণবীর, অয়ন মন্দিরে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই বজরং দলের কর্মী-সমর্থকরা কালো পতাকা দেখাতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। দু’পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। শেষ পর্যন্ত রণবীর মন্দিরে ঢোকেননি। ঢোকেননি আলিয়াও। একমাত্র অয়নই মন্দিরে ঢুকে পুজো দেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ