,

চারকোটি টাকা মূল্যমানের চোরাই গার্মেন্টস পন্য উদ্ধার করেছে র‌্যাব

স্টাফ রিপোর্টার- কুমিল্লা থেকে ৪ কোটি টাকা মূল্যের রপ্তানিযোগ্য চোরাই গার্মেন্টস মালামালসহ সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। এসময় বিপুল পরিমাণ পোশাক সামগ্রী, ১টি কাভার্ড ভ্যান জব্দ করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৪ এর ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৪ এর অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হক।

তিনি জানান, গত ১৪ আগস্ট ঢাকা জেলার আশুলিয়া ও গাজীপুর থেকে গার্মেন্টস মালামাল বিভিন্ন দেশে রপ্তানী করার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরের নেওয়ার পথে কিছু কিছু কাভার্ড ভ্যান থেকে প্রায় ৩০%-৪০% দামী গার্মেন্টস মালামাল উধাও হবার অভিযোগ পায় র‌্যাব-৪। অভিযোগের ছায়া তদন্তের এক পর্যায়ে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ফ্যাক্টরী থেকে মালামাল নেওয়ার পথে নারায়নগঞ্জ জেলার বন্দর থানার একটি পরিত্যাক্ত রি-রোলিং মিলস এ কাভার্ড ভ্যান থামিয়ে আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা মোঃ সিরাজুলসহ ০৬ জনকে আনুমানিক ৬ কোটি টাকা মূল্যের চোরাইকৃত ৪১ বস্তা ও ৫০৬ কার্টুন ভর্তি গার্মেন্টস সামগ্রীসহ কাভার্ড ভ্যান জব্দ করে।

তিনি আরও জানান, চক্রের মূলহোতা সিরাজুল গত তিন মাস পূর্বে হাজত থেকে জামিনে বের হয়ে আবারও চক্রে জড়িয়ে পরে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে জামিনে বের হয়ে সিরাজুল আবারও চোরাই মালামাল পাচার করছে। এর ভিত্তিতে বুধবার রাতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন বেলতলী এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৪ কোটি টাকা মূল্যের চোরাইকৃত প্রায় ৪৫৭ কার্টুন ভর্তি গার্মেন্টস সামগ্রী একটি কাভার্ড ভ্যান উদ্ধার করে। এসময় চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। ঘটনাস্থলে র‌্যাবের উপস্থিত টের পেয়ে মুলঅভিযুক্ত সিরাজুল সহ কভার্ডভ্যান চালক পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলোঃ মোঃ হিমেল ওরফে দুলাল (৩৮), আবুল কালাম (৪০), মোঃ মহসিন আলী ওরফে বাবু (৩১) এবং মোঃ আলামিন (৩০)।

র‌্যাবের দাবী, গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে রাজধানীর মিরপুর, উত্তরা, আশুলিয়া ও গাজীপুর থেকে বিভিন্ন দেশে রপ্তানীর গার্মেন্টস মালামাল চুরির ঘটনার সাথে জড়িত। তারা মালামাল পরিবহনে নিয়োজিত চালকদের সাথে সংঘবদ্ধ হয়ে একটি দুর্ধর্ষ চোরাকারবারী চক্র গঠন করে পরস্পর যোগসাজোশে বিগত কয়েক বছর ধরে গার্মেন্টস মালামাল কাভার্ড ভ্যান হতে বিশেষ প্রক্রিয়ায় চুরি করে স্থানীয় মার্কেটে চোরাইপথে কমদামে বিক্রি করে আসছিলো। এতে করে দেশ প্রচুর পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি গার্মেন্টস মালিকগণ প্রতিনিয়ত বিপুল ক্ষতির সম্মুখীন হয়ে আসছিলেন।


অধিনায়ক মোজাম্মেল হক আরও জানান, এই চোরচক্রটি সাধারণত কাভার্ড ভ্যানের ড্রাইভারের সাথে সখ্যতা তৈরির মাধ্যমে বিভিন্ন প্রকার লোভ দেখানো ও চুরির মালামাল বিক্রয়ের টাকার অংশ দেওয়ার কথা বলে ড্রাইভারকে রাজি করিয়ে নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকা থেকে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিকটবর্তী নির্জন এলাকার ভিতর কাভার্ড ভ্যান পার্কিং করাতো। পরবর্তীতে পলাতক মূলহোতা মোঃ
সিরাজুল এর নির্দেশে গ্রেফতারকৃত আসামী হিমেল, আবুল কালাম, মহসিন ও আলামিন এবং পলাতক সহযোগী নুর জামানসহ অন্যন্য
অজ্ঞাতনামা সহযোগীরা মিলে বিশেষ কৌশলে কাভার্ড ভ্যানের সিলগালা তালা না খুলে কাভার্ড ভ্যানের পাশের ওয়ালের নাট-বল্টু খুলে প্রত্যেক কার্টুন ভিতরে থাকা মালামালের ৩০%-৪০% মালামাল নিয়ে পূর্বের ন্যায় কার্টুন সঠিকভাবে বাধাই করে তাদের কাভার্ড ভ্যানে নিয়ে যেতো যাতে করে ফ্যাক্টরী মালিক ও বন্দর কর্তৃপক্ষ কেউই সন্দেহ না করতে পারে। চোরচক্রটি কার্টুনের মালামালের ওয়েট ঠিক রাখার জন্য যে পরিমানের মালামাল কার্টুন থেকে চুরি করে সরিয়ে রাখে ঠিক সে পরিমান ঝুট কার্টুনের ভিতর মালামালের মাঝখানে দিয়ে কার্টুন প্যাকেট করে। যার ফলে বন্দরে স্ক্যানিং কিংবা ওয়েট মেশিনে কোন ধরণের
অনিয়ম ধরা পরে না। এছাড়াও চক্রটি ইতিপূর্বে মালামালসহ সম্পূর্ণ ট্রাক/কাভার্ড ভ্যান মাঝে মাঝে তারা লুট করেছে।


অধিনায়ক বলেন, যেহেতু মালামাল ডেলিভারির ক্ষেত্রে বন্দর পর্যন্ত পৌঁছে দেওয়া ফ্যাক্টরী মালিকের দায়িত্ব, তাই মালামাল চুরি যাওয়ার কারণে ফ্যাক্টরি মালিকদের পুনরায় মালামাল চট্টগ্রাম বন্দরে প্রেরণ করায় সময় ও অর্থের প্রচুর ক্ষতিসাধন হয়। বিদেশী ক্রেতা সঠিকভাবে ও সঠিকসময়ে মালামাল ডেলিভারি না পাওয়ার কারণে মালামালে মূল্য পরিশোধ করতোনা এবং পরবর্তীতে উক্ত ক্রেতারা ক্রয় আদেশ দিতোনা। ফলে দিন দিন দেশের গার্মেন্টস সেক্টর প্রচুর লোকসানের সম্মুখীন হয়ে আসছিলো। সঠিকসময়ে বিদেশী ক্রেতাদের নিকট নির্ধারিত গার্মেন্টস পণ্যটি পৌঁছে না দেওয়ার ফলে বিদেশী ক্রেতাদের কাছ থেকে বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীদের প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপনের ঘাটতি দেখা যায় এবং দিন দিন বাংলাদেশ গার্মেন্টস শিল্পের ঐতিহ্য ও সুনাম ক্ষুন্ন হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভবিষ্যতেও এরূপ সংঘবদ্ধ চোরাকারবারী দলের বিরুদ্ধে র‍্যাব-৪ এর জোরালো অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ