,
৩০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না

চরমপন্থীদের হামলায় থানা থেকে অস্ত্র লুটের ঘটনায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার- প্রকাশ্য দিবালোকে নাটোর জেলার গুরুদাসপুর থানায় হামলা করে দায়িত্বরত পুলিশ কন্সটেবল’কে গুলি করে হত্যা, অস্ত্রাগারের তালা ভেঙ্গে অস্ত্র লুট এবং হাজত থেকে আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি চরমপন্থী সাইফুল‘কে গ্রেফতার করেছে র‌্যাব। সে ৩০ বছর যাবৎ আত্মগোপনে জীবন যাপন করে আসছিল।

শনিবার কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা নজরদারীর মাধমে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকা থেকে ছাত্তার নামে ছদ্মবেশে আত্মগোপন করা অবস্থায় চরমপন্থী সাইফুল ইসলাম ওরফে মানিক (৫৬) গ্রেফতার করে র‌্যাব-৩।

তিনি জানান, ১৯৮৭ সালে ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) হাটের দিন সকাল ১১:০০ টার দিকে একদল চরমপন্থী সন্তাসী ছদ্মবেশে গুরুদাসপুর থানায় প্রবেশ করে অস্ত্রের মুখে থানা নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা থানায় প্রহরারত কনস্টেবল হাবিবুর রহমান‘কে গুলি করে হত্যা করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে থানার অস্ত্রাগার থেকে ২ টি এসএমজি, ৪ টি এসএলআর, ১৮ টি ৩.৩ রাইফেল ও গোলাবারুদ লুট করে থানার লকআপে বন্দি চরমপন্থী আসামীকে ছিনিয়ে নিয়ে যায়। তারপর আতঙ্ক সৃষ্টির জন্য তারা একযোগে টেলিফোন অফিস ও থানা কম্পাউন্ডে বোমা বিষ্ফোরণ ঘটায়। এই ঘটনায় দায়েরকৃত মামলায় সাইফুলের যাবজ্জীবন কারাদন্ডের রায় দেন আদালত।

অধিনায়ক জানান, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ১৯৮৪ সালে চরমপন্থী নেতা তারেকের মাধ্যমে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি লাল পতাকা /সর্বহারা দলে যোগ দেয়। চরমপন্থী নেতা তারেক প্রতি সপ্তাহে চাটমোহর এলাকায় উঠতি বয়সের যুবকদের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে উঠান বৈঠক করত। উক্ত বৈঠকে সে আকর্ষনীয় কথাবার্তা বলত। সে বলত, তার দলে যোগ দিলে কোন অভাব অনটন থাকবে না। তারা সকলের সমান অধিকার নিশ্চিত করবে। কেউ তাদের কাজে বাধা দিলে তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিবে। যদি সরকার বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তাদের পথে বাধা হয়ে দাড়ায় তবে তারা পুলিশ হত্যা করে থানা ফাঁড়ি লুট করবে। তাদের এরূপ আকর্ষনীয় কথায় মুগ্ধ হয়ে সে সক্রিয়ভাবে চরমপন্থীদের হত্যা, লুটপাট, ত্রাস সৃষ্টি, অরাজক পরিস্থিতি সৃষ্টির কাজে অংশগ্রহণ করতে থাকে। চরমপন্থীদের সাথে যোগ দেওয়ায় এলাকায় সকলে তাকে সমীহ করত। যাদের সাথে তার বিরোধীতা ছিল চরমপন্থীদের আশ্রয়ে থাকায় সকলে তার সাথে আপোষে মিমাংসা করে নেয়। চরমপন্থী নেতা তারেক উক্ত ঘটনার দুই মাস আগে থেকে গুরুদাসপুর থানা লুট করার পরিকল্পনা করে। এজন্য সে ঝিনাইদহ, সিরাজগঞ্জ, রাজবাড়ি, কুষ্টিয়া, পাবনা, টাঙ্গাইল এলাকা থেকে চরমপন্থী দলের সদস্যদের আহবান জানিয়ে একত্রিত করে।

ঘটনার দিন তারা বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬০ জন নাটোরের ধামাই মাঠে এসে জড়ো হয়। পরিকল্পনা অনুযায়ী ছদ্মবেশে লুঙ্গি, গামছা পরিহিত অবস্থায় পোটলার মধ্যে অস্ত্র লুকিয়ে গুরুদাসপুর থানা ও টেলিফোন অফিসের আশপাশ এলাকা এবং হাট এলাকায় অবস্থান নেয়। ঘটনার এক সপ্তাহ পূর্ব হতেই কয়েকজন সার্বক্ষনিক টেলিফোন অফিসের কর্মী এবং গুরুদাসপুর থানার ফোর্সের গতিবিধির উপর নজরদারি করছিল। তাদের সবুজ সংকেত পাওয়া মাত্রই সুলতানের নেতৃত্বে ৫ জন টেলিফোন অফিসে প্রবেশ করে সেন্ট্রাল কমান্ড বিকল করে দেয়। অন্যদিকে তারেকের নেতৃত্বে মানিক সহ প্রথমে ৪ জন জিডি করার জন্য থানায় প্রবেশ করে এবং মজিদের নেতৃত্বে ১০ জন থানা ব্যারাকে প্রবেশ করে সকল ফোর্সকে কক্ষের মধ্যে বন্দি করে রাখে। এসময় ডিউটিরত কনস্টেবল হাবিবুর রহমান প্রতিরোধ গড়ে তুলতে চাইলে তারেক গুলি করে কনস্টেবল হাবিবুর কে হত্যা করে। গুলির শব্দের সাথে সাথে থানার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন তারেক অস্ত্রাগারের তালা ভেঙ্গে অস্ত্রাগার থেকে সকল অস্ত্র, গোলাবারুদ লুটপাট করে এবং থানার লকআপে বন্দি চরমপন্থী দলের আটককৃত একজন সদস্য ইয়াকুবকে তালা ভেঙ্গে মুক্ত করে। এরপর তারা বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে থানা কম্পাউন্ড এবং টেলিফোন অফিস ত্যাগ করে লুন্ঠনকৃত অস্ত্র নিয়ে হাটের মধ্যে দিয়ে দৌড়ে চলে যায়।

হাটের মধ্যে অনেক লোক উপস্থিত থাকলেও কেউ তাদের বাধা দেওয়ার সাহস করেনি। তাছাড়াও পূর্বপরিকল্পনা অনুযায়ী তাদের দলের সদস্যরা ভিড়ের মধ্যে ছদ্মবেশে লুকিয়ে ছিল। কেউ তাদের কাজে বাধা দিলে প্রতিহত করার পূর্ব প্রস্তুতি তাদের ছিল। লুণ্ঠনকৃত অস্ত্র তারেক, সুলতান, মজিদ এবং ইয়াকুব তাদের হেফাজতে নিয়ে চাটমোহর, চলনবিল এলাকায় লুকিয়ে রাখে। ঘটনার শেষে গ্রেফতারকৃত সাইফুল তার বাড়িতে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে থাকে। ১৯৮৮ সালে তারেকের নেতৃত্বে চাটমোহর থানার খোতবাড়ি এলাকায় মাঠের মধ্যে রাতে নকশালপন্থী এবং সর্বহারাদের মধ্যে সম্মুখ যুদ্ধ হয়। উক্ত ঘটনায় নকশালপন্থী ১২ জন নিহত হয়। এরপর সে সহ সর্বহারা দলের সদস্যরা চলনবিলে গোসল করে যার যার বাড়িতে চলে যায়। ভোর হলে পুলিশ ১২ টি লাশ উদ্ধার করে থানায় মামলা রুজু করে। ওই মামলায় তখন সাইফুল গ্রেফতার হয়। তখন গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে গুরুদাসপুর থানার অস্ত্র লুটের সত্যতা বেরিয়ে আসে। সেই মামলাগুলোতে জামিনে মুক্ত হয়ে সাইফুলের পলাতক জীবন শুরু হয়। জামিনে মুক্ত হওয়ার পর সে বিজ্ঞ আদালতে কোন হাজিরা দেয়নি। থানা লুট ও ১২ নরহত্যা মামলাসহ তার নামে ৫ টি মামলা রয়েছে।

অধিনায়ক আরিফ মহিউদ্দিন জানান, সাইফুলের নির্দিষ্ট পেশা নেই। ত্রাস সৃষ্টি, লুটপাট ও চাঁদাবাজির মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়েই সে জীবিকা নির্বাহ করত। সে ৫ম শ্রেনী পর্যন্ত লেখাপড়া করেছে। বর্তমানে সে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ এলাকায় ছাত্তার নামে শ্রমিক সরদার হিসেবে কাজ করত। ২০১৮ সালে সে তার নাম পরিবর্তন করে সাইফুল প্রধান নামে নারায়ণগঞ্জে রূপগঞ্জ এলাকায় ভোটার হিসেবে এনআইডি তৈরী করে। রূপগঞ্জ এলাকায় সে ছাত্তার নামে পরিচিত।

নকশালপন্থী ১২জন হত্যা মামলার পর তারেকসহ চরমপন্থী দলের সদস্যরা চাটমোহর থেকে  আত্মগোপন করে সিরাজগঞ্জে আশ্রয় নেয়। সেখান থেকে তারা তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করত। ১৯৮৯ সালের নভেম্বর মাসে সাইফুল তার স্ত্রীর সাথে দেখা করতে গেলে সে আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরে ফেলে। জামিনে মুক্ত হয়ে সে তারেকের সাথে যোগাযোগ করে চরমপন্থী দলের সাথে পুনরায় হত্যা, লুটপাট, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শন করে ত্রাস সৃষ্টি, অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেওয়া, অর্থের বিনিময়ে জমি দখল, পারিবারিক বিরোধ মিমাংসা ইত্যাদি কাজে লিপ্ত ছিল। এসময় সে তারেকের সাথে নৌকায় বিলের মধ্যে অবস্থান করত। দলের কার্যক্রম শেষে তারা পুনরায় সশস্ত্র অবস্থায় বিভিন্ন এলাকায় নৌকার মধ্যেই জীবন যাপন করত। ২০০৪ সালে চরমপন্থীদের বিরুদ্ধে র‌্যাবের সাঁড়াশি অভিযান শুরু হলে তারেকের নির্দেশে চরমপন্থীরা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। তখন সে রাজধানীতে চলে আসে। রাজধানীতে সে কিছুদিন বাসের হেলপারি করে। ট্রাকে মালামাল লোড আনলোডের শ্রমিক হিসেবে কাজ করে। তারপর নারায়ণগঞ্জে তার এক আত্মীয়ের  বাসায় সে আশ্রয় নেয়। উক্ত আত্মীয় তাকে একটি গার্মেন্টস কারখানায় চাকুরী দেয় এবং সকলের কাছে তাকে ছাত্তার নামে পরিচয় করিয়ে দেয়। আস্তে আস্তে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান স্তিমিত হয়ে আসলে তারা আবার মাঝে মাঝে এলাকায় গিয়ে সর্বহারা দলের কার্যক্রম চালিয়ে যেতে থাকে। ৭ থেকে ৮ বছর পূর্বে চরমপন্থী দলের অর্ন্তদ্বন্দে তারেক নিহত হলে সে সর্বহারা দলের সাথে যোগাযোগ কমিয়ে দেয়। ইতোমধ্যে সে এনআইডি পরিবর্তন করে রূপগঞ্জ এলাকার ভোটার হিসেবে নিজেকে ছাত্তার নামে প্রতিষ্ঠিত করে নিজের স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতে শুরু করে। বর্তমানে উক্ত ঘটনায় জড়িত চরমপন্থী দলের সদস্যদের সাথে তার কোন যোগাযোগ নেই। তারেকের মৃত্যুর পর ওই গ্রুপের সদস্যরা বিছিন্নভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ