,
ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামীকাল

রানি এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন প্রধানমন্ত্রী

রানি এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার – ভারত সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকালে বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ ভারত সফর নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হবেন তিনি। লিখিত বক্তব্যের পাশাপাশি প্রধানমন্ত্রী গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাব দেবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আগামী বৃহস্পতিবার লন্ডন যাবেন।

আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দলীয় নেতাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এসব তথ্য জানান। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য এতথ্য নিশ্চিত করেছেন। সেখানেই ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেবেন বলেও জানান। গত ৫ সেপ্টেম্বর চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফরের সময়, বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি ব্যবস্থাপনা, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও সম্প্রচার বিষয়ে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। হায়দারাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন, পানিসম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানব পাচার রোধ সংক্রান্ত বিষয়গুলো অগ্রাধিকার পায়। এ ভারত সফর নিয়েই সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলঙ্কৃত করে রেখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। মাস কয়েক আগেই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়েছিল। গত ৯ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মারা যান তিনি। গণভবনে দলীয় বৈঠকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন বলেও জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রীয় মর্যাদায় আগামী ১৯ সেপ্টেম্বর হবে যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া। রানির এই অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যে দিয়ে অর্ধ শতাব্দীরও বেশি সময় পর সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ অন্ত্যেষ্টিক্রিয়া (স্টেট ফিউনারাল) দেখতে যাচ্ছে যুক্তরাজ্যবাসী। সর্বশেষ এই ঘটনা ঘটেছিল ১৯৬৫ সালে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মৃত্যুর পর।

২০২১ সালে ৯৯ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। তাকে রাজকীয় মর্যাদায় সমাহিত করা হলেও রাষ্ট্রীয় সম্মান পাননি তিনি। যুক্তরাজ্যে রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়ার অর্থ, মৃত ব্যক্তিকে হাসপাতাল বা তার ব্যক্তিগত আবাস থেকে একটি বিশেষ বন্দুকবাহী গাড়িতে দেশটির পার্লামেন্ট হাউস অব কমন্স ভবনের ওয়েস্টমিনিস্টার হলে নিয়ে যাওয়া হবে। সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে মৃতকে।

মৃত ব্যক্তিকে বহনকারী গাড়িটি চলানোর দায়িত্বে থাকবেন যুক্তরাজ্যের নৌবাহিনী রয়েল নেভির কয়েকজন সদস্য। সামরিক বাহিনীর একটি দল এ সময় গাড়িটির পেছনে কুচকাওয়াজ করতে করতে যাবেন। ওয়েস্টমিনিস্টার হল থেকে সমাধিস্থলে রওনা হওয়ার আগে মৃতের প্রতি সম্মানসূচক ২১টি গানফায়ার করা হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবে এলাকার সেইন্ট পল গির্জার কবরস্থানে সমাহিত করা হবে রানিকে। সর্বসাধারণের সম্মান জ্ঞাপনের জন্য সমাহিত করার ৪ দিন আগে থেকেই তার দেহ রাখা হবে ওয়েস্টমিনিস্টার হলে।

দ্বিতীয় এলিজাবেথ (এলিজাবেথ আলেকজান্ড্রা ম্যারি) মৃত্যুর আগে তিনি ছিলেন যুক্তরাজ্য এবং আরও ১৫ টি কমনওয়েলথ রাজ্যের রাণী। এলিজাবেথ লন্ডনের মেফেয়ারে ইয়র্কের ডিউক এবং ডাচেস (পরে রাজা জর্জ এবং রাণী এলিজাবেথ)-এর প্রথম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা। শনিবার বিকেল ৫টার পর মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

৯৬ বছরের জীবনে ৭০ বছরই রাজশাসন করেছেন রানি। তিনি আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছেন যুক্তরাজ্যের ১৫ জন প্রধানমন্ত্রীকে। এমনকি এই সপ্তাহেই লিজ ট্রাসকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন তিনি। নতুন রাজা চার্লস এক বিবৃতিতে বলেন, আমার প্রাণপ্রিয় মা, রানির মৃত্যু আমার জন্য, আমার পুরো পরিবারের জন্য গভীর বেদনার মুহূর্ত। আমি জানি, তার এই শূন্যস্থান দেশজুড়েই অনুভূত হবে, এই শূন্যতা অনুভব করবে কমনওয়েলথ আর পৃথিবীর অগণিত মানুষ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ