স্টাফ রিপোর্টার- সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আসামী হলো- চন্দন কুমার রায় (৪৩)। হত্যাকাণ্ডের পর সে সপরিবারে ভারতে পালিয়ে যায় বলে জানিয়েছে র্যাব।
রবিবার রাতে সাতক্ষীরার ভোমরা এলাক থেকে চন্দন কুমার রায়কে গ্রেফতার করা হয়। তার নামে ইন্টারপোল থেকে রেড নোটিশ জারী করা ছিলো। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে র্যাবের জালে ধরা পড়ে সে। হত্যাকাণ্ডের কিছুদিন পর চন্দন তার ঘনিষ্ঠদের সহযোগিতায় ভারতে আত্মগোপন চলে যায়।
সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 
তিনি বলেন, চন্দন ভারতে ঘনিষ্ঠজনদের সহযোগীতায় শাওন রায় নামে ভুয়া নাগরিকত্ব ও রেসন কার্ড তৈরি করে সেখানে অবস্থান করতে থাকে। ভারতে অবস্থান করাকালীন সময়ে সীমান্ত দিয়ে গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের চালান বাংলাদেশে পাঠিয়ে জীবিকা আহরন করত চন্দন। মাদকের চালান পাঠনোর কাজে সে মাঝে মাঝে সীমান্ত এলাকায় অবস্থান করত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরায় অভিযান চালিয়ে চন্দনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাবের একটি চৌকস দল।
এমপি লিটন হত্যার বর্ননা দিতে গিয়ে কমান্ডার মঈন বলেন, ২০১৬ সালে ৩১ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকায় নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয় মঞ্জুরুল ইসলাম লিটনকে। এ ঘটনায় নিহতের ছোট বোন গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। তখন ঘটনাটি দেশব্যাপী চাঞ্চল্যের তৈরি করে। মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ এপ্রিল মূল পরিকল্পনাকারী আবদুল কাদের খানসহ আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তখন এ মামলায় ছয়জন আসামি গ্রেফতার ছিল। কিন্তু হত্যাকান্ডের প্রধান সমন্বয়কারী চন্দন কুমার রায় পালিয়ে যায়।
পরবর্তীতে ২০১৯ সালের ২৮ নভেম্বর চন্দনসহ সাতজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। অপর আসামি সুবল চন্দ্র কারাগারে বিচারাধীন থাকাকালীন মারা যান।
গ্রেফতারকৃত চন্দনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সূত্রধরে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল কাদের খানের পরিকল্পনাতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। আবদুল কাদের খান নবম জাতীয় সংসদ নির্বাচনে সুন্দরগঞ্জ এলাকায় নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।
র্যাব বলছে, ক্ষোভ, রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার ও সংসদ সদস্য হওয়ার লোভে লিটনকে হত্যার পরিকল্পনা করেন আবদুল কাদের খান। গ্রেফতারকৃত চন্দন কুমার রায় সুন্দরগঞ্জ আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ছিল। ২০১৫ সালের মাঝামাঝি সময়ে লিটনের সমর্থিত লোকজনের সঙ্গে তার মারামারির ঘটনা ঘটেছিল। চন্দনকে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, লিটনের প্ররোচনায় একটি মামলার আসামি দেখিয়ে তাকে গ্রেফতার করানো হয়। এ মামলায় ১৯ দিন কারাভোগ করে চন্দন। এরপর তার বিরুদ্ধে থাকা চাঁদাবাজি, নারী নির্যাতনসহ অন্যান্য মামলা থেকে অব্যাহতি পেতে লিটনের সহযোগিতা চেয়েছিলেন চন্দন। কিন্তু লিটন তাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে বলেন। এতে ক্ষুব্ধ হন চন্দন।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, পরবর্তীতে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে ২০১৬ সালে চন্দনকে দল থেকে বহিষ্কার করেন লিটন। পরবর্তীতে আবদুল কাদের খানের পিএস শামসুজ্জোহার সঙ্গে পরিচয় হয় চন্দনের। সেই সূত্র ধরে আবদুল কাদের খানের সঙ্গে সখ্যতা তৈরি হয় তার। লিটন হত্যাকাণ্ডের আগে মেহেদী, শাহীন, রানা, শামসুজ্জোহা ও গাড়িচালক হান্নান অস্ত্র চালানো ও হত্যার পর দ্রুত পালিয়ে যাওয়ার প্রশিক্ষণ নেন।
২০১৬ সালের অক্টোবর মাসে লিটনের ঢাকা থেকে গাইবান্ধা আসার তথ্য পান চন্দন। এসময় আসামিরা মাঝপথে তাকে হত্যার পরিকল্পনা করেন। কিন্তু এমপি লিটন রাজধানীর গাবতলী এসে ফিরে যাওয়ায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়। পরবর্তীতে একই বছরের ডিসেম্বরে তারা লিটনকে নিজ বাড়িতেই হত্যার পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর লিটনের চাচাতো ভাই সুবল এবং চন্দন বাড়িতে অবস্থান নেয়। আর লিটন কখন কী অবস্থায় থাকেন এ তথ্য হত্যাকারীদের দিতে থাকে। ওইদিন বিকেলে চন্দন হত্যাকারীদের জানান, লিটন তার নিজ বাড়িতে একা অবস্থান করছেন। এরপর শাহীন, রানা ও মেহেদী মোটরসাইকেলে করে লিটনের বাড়ি যান। সেখানে গুলি করে হত্যা করা হয় লিটনকে।
জানা যায়, গ্রেফতারকৃত চন্দন কুমার রায় ২০১০ সালের দিকে রাজধানীর একটি অনলাইন পোর্টালে সাংবাদিকতা শুরু করে। দুই বছর সাংবাদিকতা করার পর গাইবান্ধায় ফিরে অংশগ্রহণ করে স্থানীয় রাজনীতিতে। নিহত লিটন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ছিলেন।








