স্টাফ রিপোর্টার- তেজগাঁও গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র আলী হোসেন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে ফার্মগেট সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক চাই’ ব্যানারে সোমবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর তেজগাঁও বিজয় সরণি ফার্মগেট সড়ক অবরোধ করে।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার বন্ধু কবরে, খুনিরা কেন বাহিরে’ বলে স্লোগান দিতে থাকে। এতে ফার্মগেটের পূর্ব পাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
গত রবিবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আলী হোসেন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এর প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা বিজয় সরণি ফার্মগেট সড়ক অবরোধ করে।
তেজগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. শাজাহান জানান, শিক্ষার্থীরা আলী হোসেনের মৃত্যুর প্রতিবাদে বিজয় সরণি থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছে। এখনও সেটা চলমান আছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এর আগে গত ২০ জুন উত্তরার হাউজ বিল্ডিং ও আজমপুর এলাকায় এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় মাইলস্টোন কলেজের সাদ নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।








