,

দেশের প্রথম বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

দেশের প্রথম বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার – দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে এই হাসপাতালে রয়েছে ১০০টি আইসিইউ বেড।  বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এটি উদ্বোধন করেন।

উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের প্রতিটি দেশেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে। জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। বিদ্যুৎ ব্যবহারে তাদের স্বাশ্রয়ী হতে বলা হচ্ছে। খাদ্যের জন্য রেশন চালু করছে অনেক উন্নত দেশ। সুতরাং আমাদেরকেও আরো মিতব্যয়ী হতে হবে।  তিনি আরও বলেন, আমাদের নিজেদের উৎপাদন বাড়াতে হবে। করোনা ও ইউক্রেন যুদ্ধের ফলে সামনে আরো কঠিন সময় আসবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ বলেছে, বিশেষায়িত এ হাসপাতালের চিকিৎসা খরচও থাকবে সাধারণ মানুষের হাতের নাগালে। এখানে এক ছাদের নিচে সর্বাধুনিক বহুমুখী বিশেষায়িত চিকিৎসাসেবা চলবে। এ ধারণা থেকেই প্রস্তুত করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালটি। ১৩ তলাবিশিষ্ট হাসপাতালটিতে রয়েছে দ্বিতল বেজমেন্ট। ৭৫০ শয্যার হাসপাতালে বিভিন্ন বিভাগে রয়েছে ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার।

জরুরি বিভাগে রয়েছে ১০০টি শয্যা। এছাড়া, হাসপাতালে রয়েছে ভিভিআইপি, ভিআইপি কেবিন। ডিল্যাক্স শয্যা ২৫টি। এখানে এক্স-রে, এমআরআই, সিটি-স্ক্যানসহ অত্যাধুনিক সব ডায়াগনস্টিক সুবিধাও রাখা হয়েছে। রয়েছে পাঁচটি স্পেশালাইজড সেন্টার। জরুরি বিভাগ, কার্ডিয়াক সেন্টার, লিভার ও কিডনি প্রতিস্থাপন ইউনিট এবং মা ও শিশু ইউনিট।

এছাড়া রয়েছে সর্বাধুনিক রোবোটিক সার্জারি। বিশেষায়িত এ হাসপাতালটি পরিচালনার জন্য চিকিৎসকসহ প্রায় ৬১০ স্বাস্থ্যকর্মীকে উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এই হাসপাতালে লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট করা যাবে। এখানে মা ও শিশুদের জন্য একটা সেন্টার রয়েছে। নেফ্রোলজিরও একটা সেন্টার রয়েছে। রয়েছে কিডনি ডায়ালাইসিস সেন্টার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএসএমএমইউ প্রান্তে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ