আন্তর্জাতিক ডেস্ক – বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, করোনা মহামারির সমাপ্তি ঘটছে। করোনা মহামারির ইতি টানতে বিশ্ব বর্তমানের চাইতে ভালো অবস্থানে আর কখনোই ছিল না বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে মহামারির শেষ দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। রয়টার্স ও আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিশ্বে করোনার সংক্রমণের সংখ্যা নাটকীয়ভাবে কমেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বকে এই মহামারী শেষ করার সুযোগটি কাজে লাগাতে আহ্বান জানিয়েছে। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান বলেন, আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাইনি। তবে মহামারির শেষ দেখা যাচ্ছে। দুই বছর ধরে বিশ্বজুড়ে ৬০ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া মহামারি নিয়ে এটাই এখন পর্যন্ত সবচেয়ে আশাব্যঞ্জক বক্তব্য। চীনে ২০১৯ সালের শেষ দিকে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসে এরই মধ্যে বিশ্বের প্রায় ৬০ লাখের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। আক্রান্ত হয়েছে ৬১ কোটির বেশি মানুষ।
২০২০ সালের মার্চের পর গত সপ্তাহেই বিশ্বে করোনায় সবচেয়ে কম মৃত্যু হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়েছে। যদিও সংস্থাটির প্রধান বিশ্বের সবগুলো দেশকে করোনা নিয়ে সতর্কতা অব্যাহত রাখতে পরামর্শ দিয়েছেন। ডব্লিউএইচও প্রধান বলেন, দেশগুলোর উচিত তাদের নীতি কঠোরভাবে পর্যালোচনা করা এবং কোভিড-১৯ কিংবা ভবিষ্যতে আসা ভাইরাস মোকাবিলার শক্তি তৈরি করা।
এ ছাড়া বেশি ঝুঁকিতে থাকাদের শতভাগ টিকাদান এবং ভাইরাস শনাক্তে নিয়মিত পরীক্ষা চালিয়ে যেতেও দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
ডব্লিউএইচওর মহাপরিচালক গেব্রেয়াসুস জানান, ২০২০ সালের মার্চের পর গত সপ্তাহে বিশ্বে করোনার সবচেয়ে কম সংক্রমণ দেখা গেছে। ডব্লিউএইচও প্রধান বলেন, মহামারি শেষ করার জন্য আমরা কখনোই অধিকতর ভালো অবস্থানে ছিলাম না। আমরা এখনো সেখানে নেই। কিন্তু শেষ দেখা যাচ্ছে। তবে এই সুযোগ কাজে লাগাতে বিশ্বের পদক্ষেপ নেওয়া দরকার। গেব্রেয়াসুস বলেন, যদি আমরা এখন এই সুযোগ না নিই, তাহলে আমরা করোনার আরও ধরন, আরও মৃত্যু, আরও বাধাবিঘ্ন, আরও অনিশ্চয়তার ঝুঁকিতে থাকব।
তবে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি সতর্ক করে বলেছে, করোনার সংক্রমণের সংখ্যা কমার বিষয়টি নিয়ে একটা বিভ্রান্তি আছে। কারণ, অনেক দেশ পরীক্ষাই কমিয়েছে। কম গুরুতর ঘটনা শনাক্ত করা হচ্ছে না। করোনার সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সব সদস্যকে টিকা দেওয়ার জন্য বিনিয়োগে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও।








