স্টাফ রিপোর্টার- জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, অকারণে নিরীহ রোহিঙ্গা শিবিরে মিয়ানমার সেনাদের গোলা বর্ষণের ঘটনা মেনে নেওয়া যায় না। নিপীড়িত রোহিঙ্গাদের ওপর এই হামলা ক্ষমার অযোগ্য।
শনিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে সরকার। রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে বাংলাদেশের তেমন কোনো সাফল্য নেই।
বাস্তুচ্যুত, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জি এম কাদের।
এদিকে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের নোম্যান্সল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গা শিবিরে মিয়ানমার সেনাদের নিক্ষিপ্ত গোলায় নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বোগ প্রকাশ করেন জি এম কাদের। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।








