,

দিল্লি ফিরে গেলেন দোরাইস্বামী

দিল্লি ফিরে গেলেন দোরাইস্বামী

স্টাফ রিপোর্টার – বাংলাদেশে ভারতের হাইকমিশনে দায়িত্ব পালন শেষ হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর। নয়াদিল্লি ফিরে গেলেন তিনি। হাইকমিশনার পদে দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় রবিবার তিনি ঢাকা ছেড়ে যান। বিদায়ের প্রাক্কালে নিজের টুইটার অ্যাকাউন্টে ‘বিদায় ভারতীয় হাইকমিশন টিম ঢাকা’ বলে একটি পোস্ট দেন দোরাইস্বামী।

বিদায় নেওয়ার আগের দিন শনিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। তার আগে তিনি গুরুদুয়ারা নানকশাহী ও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন। তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাতও করেছিলেন।

২০২০ সালের অক্টোবরের শুরুর দিকে হাইকমিশনার হয়ে ঢাকায় আসেন দোরাইস্বামী। ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে, ঢাকায় দায়িত্ব পালন শেষে বিক্রম কুমার দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতের রাষ্ট্রদূত হতে যাচ্ছেন।

এরআগে দোরাইস্বামী বলেছিলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও বেশি। ভারতীয় হাইকমিশনে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণ আত্মা ও হৃদয়ে সম্পর্কযুক এবং তা রক্তের সম্পর্কের চেয়েও বেশি কিছু। আমরা সব সময় সে সম্পর্ক বিশ্বাস করি।

দোরাইস্বামী আরও বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক সব সময়ই চ্যালেঞ্জিং। ভারতীয় এই কূটনীতিক বলেন, তারা বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে অনেক কথাই বলেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা তোমাদের আত্মীয় এবং তোমরা আমাদের আত্মীয়।

দোরাইস্বামী বলেন, একজনের জীবনে অনেক ধরনের সম্মান থাকে। তবে বাংলাদেশের মতো একটি দেশে সেবা করা, যে দেশটি ভারতের কাছে তাৎপর্য ও গুরুত্বপূর্ণ দেশ, সে সম্মান দ্বিগুণ করেছে।

ভারতের বিদায়ী হাইকমিশনার বলেছিলেন, বাংলাদেশ ও ভারতের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করোনা মহামারির সময়েও ম্লান হয়নি; বরং তা আরও দৃঢ় হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরটি ছিল অত্যন্ত ফলপ্রসূ। অনেক

বিষয়ে আলোচনা হয়েছে, সমঝোতা হয়েছে। দুদেশের তথ্য ও সম্প্রচার ক্ষেত্রেও চুক্তি হয়েছে। এ সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে বলে আমার স্থির বিশ্বাস।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে দোরাইস্বামী বলেছিলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও প্রত্যাশা করেছেন তিনি। ভারতীয়

হাইকমিশনার হিসেবে বিক্রম দোরাইস্বামীর দায়িত্ব পালনকালে দুই দেশের শীর্ষ নেতাদের সফর বিনিময় হয়েছে। বিশেষ করে ২০২১ সালে এক বছরের মধ্যেই ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর করেন। আর বিক্রম দোরাইস্বামীর দায়িত্ব পালনের শেষ ভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেছেন।

ঢাকা থেকে বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময়ে বিক্রম দোরাইস্বামী বলেছিলেন, ঢাকায় আমার দায়িত্ব পালনকালে দীর্ঘ ১২ বছর পর জেআরসি বৈঠক শুরু করা সম্ভব হয়েছে। এটা আমার একটি বড় প্রাপ্তি। আগামী দিনে দুই দেশের বাণিজ্যিক- অর্থনৈতিক সম্পর্ক, কানেক্টিভিটি, মানুষে মানুষে যোগাযোগ আরও বাড়বে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ