,

নৈরাজ্য-বিশৃঙ্খলার পথেই বিএনপি- তথ্যমন্ত্রী

স্টাফ রির্পোটার- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জনবিচ্ছিন্ন বিএনপি ২০১৩, ১৪, ১৫ সালে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, ২০১৮ সালেও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল। এখনও তারা একই পথে হাঁটছে। এই পথে হেঁটে বিএনপির কোনও লাভ হবে না।

বিএনপির সাম্প্রতিক মিছিল-সমাবেশ নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা কয়েক দিন ধরে দেখছি বিএনপির বাঁশের লাঠি, কাঠের লাঠি, লোহার রড নিয়ে মিছিল করছে। তারা অতীতে জনগণ ও পুলিশের ওপর হামলা করেছে, গতকালও মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলা করেছে। ফলে সহজেই অনুমেয় এখন তারা নিজেরা আতঙ্কিত এবং তারা আবার নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি জানে জনগণ তাদের সঙ্গে নেই। এমনকি তাদের কর্মীরাও সঙ্গে নেই। তাদের কর্মসূচি শুধু ঢাকা এবং কিছু কিছু শহরভিত্তিক। গ্রামগঞ্জে তাদের কর্মীদের কোনও সাড়া নেই। কারণ, নেতাদের ওপর তাদের কোনও আস্থা নেই। জনগণ তাদের কাছ থেকে সরে গেছে, সেটি তারা ভালো করেই জানে এবং বুঝে। সেজন্য তারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, কেউ যদি রাষ্ট্রের কোনও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা যখন পুলিশের ওপর চড়াও হয় পুলিশ ব্যবস্থা নেয়। সে কারণে বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়েছে। আবার নিজেরা মারামারি করে চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় নিজেদের সমাবেশ ভণ্ডুল করেছে।

এ অবস্থায় আমাদের দলের কর্মীদের আমরা সতর্ক পাহারায় থাকার জন্য নির্দেশনা দিয়েছি। কেউ যদি জনগণের ওপর হামলা করে, জনগণ প্রতিরোধ করলে সঙ্গে আমাদের দলও সহায়তা করবে’—জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ