,

নভেম্বরে জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী

নভেম্বরে জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার – বাংলাদেশ-জাপানের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর বছর চলছে। এ বছরেই জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নভেম্বরে তিনি জাপান সফর করবেন। ২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে দেশটি সফর করতে পারেন প্রধানমন্ত্রী।

সরকার প্রধানের সফরে দুই দেশ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের প্রস্তুতি নিচ্ছে। সফরে বাংলাদেশ আরও জাপানি বিনিয়োগ চাইবে। অন্যদিকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল কৌশল রূপকল্প বাস্তবায়নে ঢাকাকে পাশে চাইবে টোকিও। তবে ঢাকা এ কৌশলের অর্থনৈতিক বা উন্নয়নভিত্তিক উদ্যোগের বাইরে সামরিক বা অন্য কোনো উদ্যোগে অংশীদার হতে চায় না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক সূত্রে জানা যায়, নভেম্বরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর জাপান সফর চূড়ান্ত। এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ না হলেও ২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে সফরটি হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সফরের তারিখ নির্ধারণ এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে উভয় দেশ কাজ করছে। এ সফরের মধ্য দিয়ে উন্নয়ন অংশীদার জাপানের সঙ্গে সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বলে জানা গেছে। সর্বশেষ ২০১৯ সালে জাপান সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ বছর ১০ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত টোকিওর নিউ ওতানি হোটেলে সংবর্ধনা ও মধ্যাহ্নে ভোজের আয়োজন করা হয়েছিল। টোকিওতে বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে টোকিওর বাংলাদেশ দূতাবাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে জাপান সফরকালে এই হোটেলে অবস্থান করেছিলেন।

স্বাধীনতা লাভের পরপরই ১৯৭২ সালে ১০ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয় সূর্যোদয়ের দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদার করতে ঢাকা ও টোকিওতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। উভয় পক্ষই ১৯৭৩ সালের অক্টোবরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপানে ঐতিহাসিক সরকারি সফরের কথা স্মরণ করে, যা দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে দৃঢ় ভিত্তি স্থাপন করেছিল। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকাস্থ জাপান দূতাবাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের একটি স্মারক বই প্রকাশ করে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ