স্টাফ ডেস্ক – লিওনেল মেসির বিদায়ে পুরো বিশ্ব কাঁদবে বলে মনে করেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কোলানি। তিনি বলেন, আপনার মতোই আমি মেসির খেলা উপভোগ করি। সে ফেদেরারের মতো একজন। ফেদেরার অবসর নেওয়ায় সারা বিশ্ব আবেগী হয়ে ওঠে এটা ভেবে যে, সে আর খেলবে না। মেসির ক্ষেত্রে বিষয়টা তাই। কিছু ক্ষেত্রে বলা যায়, বিষয়টা আরও বেশি, কারণ ফুটবল বিশ্বব্যাপী আরও ছড়ানো। এ কারণে তাকে দেশ ভুলে পুরো বিশ্বের মানুষ উপভোগ করে।
সম্প্রতি ২৫ বছরের টেনিস ক্যারিয়ারের ইতি টেনেছেন রজার ফেদেরার। তার অবসরে কেঁদেছে প্রতিপক্ষ, সমর্থকরা। ঠিক একইভাবে লিওনেল মেসির বিদায়েও কাঁদবে পুরো বিশ্ব। সাতবারের ব্যালন ডি’অরজয়ী মেসি প্রায় দেড় দশক বাঁ পায়ের জাদুতে মুগ্ধ করে রেখেছেন পুরো বিশ্বকে। অনেক আগে থেকে মেসির প্রেমে মজে আছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কোলানি। জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে আর্জেন্টাইন কোচ মেসিকে তুলনা করলেন সদ্য অবসর নেওয়া টেনিস তারকা রজার ফেদেরারের সঙ্গে। কিছুদিন আগেই ২৫ বছরের ক্যারিয়ারকে বিদায় জানান রজার ফেদেরার। সুইস তারকা বিদায় বেলায় নিজে কেঁদেছেন, আবার কাঁদিয়েছেন প্রতিপক্ষ ও সমর্থকদের।
দারুণ ছন্দে আছেন পিএসজি তারকা। শেষ দুই ম্যাচে জাতীয় দলের জার্সিতে করেছেন দুই গোল। তাই তো কাতার বিশ্বকাপে মেসিকে ঘিরে রণকৌশল সাজাচ্ছেন স্কোলানি। খেলোয়াড়ি জীবনে মেসির সঙ্গে অল্প দিনের জন্য ড্রেসিংরুম ভাগাভাগি করার অভিজ্ঞতা আছে স্কোলানির। চার বছর ধরে তিনি দলের কোচ। শুরুর দিনগুলোর মতো এখনো মেসিকে মুগ্ধ চোখেই দেখেন তিনি।
আর্জেন্টাইন কোচ বলেন, মাঠে তাকে দেখাটা চমৎকার অভিজ্ঞতা। তাকে কোচিং করানোর সুযোগ আমি পেয়েছি। আমি যদি সমর্থকও হতাম, তাহলে তাকে দেখতে টিকিটের জন্য খরচ করতাম। এখন কেবলই তাকে উপভোগ করতে হবে, কারণ তার মতো আর কেউ আসবে কিনা, জানি না।








