স্টাফ রিপোর্টার – করতোয়ায় নৌকাডুবিতে ৬৯ জন মারা গেছেন। আর ৩ জন নিখোজ আছেন। কেন এমন ঘটনা ঘটলো। এত মৃত্যু কেন হলো? এই প্রশ্নের জবাব এখনও ঠিক মতো কারো কাছে নেই। তবে কেউ বলছেন নৌকাডুবির ব্যাপারে জেলা পরিষদ এবং ইজারাদার দায় এড়াতে পারে না। আবার কেউ বলছেন, ঘাটে কোন প্রকার সুরক্ষায় প্রশাসনের কোন দায় দায়িত্ব ছিল না। আবার কেউ বলছেন, অনেক পুরনো দুটি নৌকায় এমন চাপাচাপি করে ওঠার সময় স্থানীয় চেয়ারম্যান, পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিসের দায়িত্বশীল লোক ছিলেন। কিন্তু কেউ বাঁধা দেননি। মন্দির কমিটির দায়ও দেখা হচ্ছে। তারাই যে এত মানুষ আমন্ত্রণ করেছিলেন। কিন্তু অতিথিদের নিরাপদে নৌকায় পারাপারের কোন ব্যবস্থা করা হয়নি। এত সব অনিয়মেই বোঝা যাচ্ছে, ঘাটেই আসলে নানা অনিয়ম ছিল। আর তাতে এতগুলো প্রাণ ঝড়েছে।
পঞ্চগড়ে নৌকাডুবিতে ৬৯ জন মানুষ নির্মমভাবে মৃত্যুবরণ করেছেন। আরও তিনজন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করার জন্য এখনো করতোয়া নদীতে উদ্ধার অভিযান চলছে। মৃত ব্যক্তিদের ১ জন বাদে সবাই সনাতন হিন্দু ধর্মাবলম্বী। তারা মহালয়ার পুজোতে অংশ নিতে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। আউলিয়ার ঘাটে নৌকাযোগে নদী পার হওয়ার সময় নৌকাটি ডুবে গেলে এতো মানুষের মৃত্যু হয়।
নদীর পশ্চিম পাড়ে পীর আউলিয়ার মাজার শরীফ, পূর্ব পাড়ে ঐতিহাসিক বদেশ্বরী মন্দির। এই মাজার শরীফের কারণেই এই ঘাটের নাম আউলিয়ার ঘাট। সাম্প্রতিক বন্যায় মাজার শরীফটি ক্ষতিগ্রস্ত হলেও মন্দির রয়েছে সচল। এই বিশেষ কারণে এই ঘাট এলাকায় গুরুত্ব বহন করে আসছে যুগের পর যুগ ধরে। কিন্তু গুরুত্ব বিবেচনা করে এই ঘাটের কোনও প্রকার সুরক্ষায় প্রশাসনের ছিল না কোনও দায় দায়িত্ব। শুষ্ক মৌসুমে নদীর বুকে বাঁধ দিয়ে নদীর প্রবাহ বন্ধ করে প্রভাবশালীরা উত্তোলন করতো বালি ও পাথর। ফলে বর্ষা এলে নদীর দু’পাশে ভাঙনসহ ঘাটের অবস্থান পরিবর্তন হয়ে আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে যেত।
গত ২৫ সেপ্টেম্বর দুপুরে এই নৌকাডুবির ঘটনা ঘটে। কিন্তু এতো মানুষের মৃত্যুর দায় কার? স্থানীয়রা বলছেন, নৌকাটি ছিল অত্যন্ত ছোট এবং অনেক পুরনো। নৌকা ছিল মাত্র ২টি। ২০ থেকে ৩০ জন যাত্রী ধারণক্ষমতার দুটি নৌকাই অনেক পুরনো। নৌকায় যাত্রী উঠার সময় স্থানীয় চেয়ারম্যান, পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিসের দায়িত্বশীল লোকও ছিল। তাদের উপস্থিতিতেই ছোট নৌকাটিতে যাত্রী উঠেছিল ১শ’র বেশি।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সামনে এত লোক উঠলো কিভাবে? দায়িত্বরত লোকজনের দায় এড়াতে পারে না। মন্দির কমিটি অনেক মানুষকে আমন্ত্রণ করায় তাদের দায়িত্ব ছিল অতিথিদের নিরাপদে নৌকায় পারাপারের বা সেটির ঠিকভাবে তদারকির। স্থানীয়রা ক্ষোভের সঙ্গে আরও বলছেন, আউলিয়ার ঘাট নিয়ন্ত্রণ করে জেলা পরিষদ। প্রতিবছর এই ঘাট বিপুল অংকের টাকার বিনিময়ে ইজারা দেয়া হয়। ইজারাদাররা প্রতি বছর লাখ লাখ টাকা আয় করেন। সরকারি কোষাগারেও জমা হয় রাজস্ব। অথচ ঘাট পরিচালনায় রয়েছে ব্যাপক অনিয়ম। ভালো মানের নৌকা দেয়ার কথা থাকলেও ইজারাদাররা পুরনো নৌকা দিয়েই কয়েক বছর ধরে পারাপার করছেন। ভাড়া ৫ টাকা হলেও প্রত্যেক যাত্রীর কাছে নেয়া হয় ১০ টাকা।
প্রতিদিন মাড়েয়া বামুনপাড়া ইউনিয়নের করতোয়া নদীর এই ঘাট দিয়ে অন্তত ৫ হাজার মানুষ নদী পারাপার হয়। প্রতি বছর মহালয়ার দিনে অন্তত ১০ হাজার মানুষ যাতায়াত করে। এছাড়া কার্তিক ও বৈশাখ মাসে সনাতনধর্মীদের বিশেষ পুজোর দিনে হাজার হাজার পূজারী যাতায়াত করে। সে হিসেবে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ হাজার টাকা আয় হয়। এই ঘাট ইজারাদাররা ১০ থেকে ১২ লাখ টাকায় ১ বছরের জন্য ইজারা নেয়। জেলা পরিষদ এই অর্থ ঘাটের উন্নয়নে ব্যয় করার কথা থাকলেও ইজারার শর্তানুযায়ী নতুন নৌকা দেয়ার কথা। পারাপারের জন্য রাখার কথা অন্তত ৫টি নৌকা। যাত্রীদের নিরাপত্তার জন্য নানা উদ্যোগ নেয়ারও শর্ত রয়েছে। কিন্তু ইজারাদার, জেলা পরিষদ বা স্থানীয় ইউনিয়ন পরিষদ কেউই এই উদ্যোগ নেননি। তাদের দাবি সেতু না হওয়া পর্যন্ত বর্ষা মৌসুমে প্রশাসনের তত্ত্বাবধানে পারাপার করা হোক।
অনেকে মন্দির কমিটির লোকজনকেও দায়ী করছেন। কারণ সেদিন এত লোক সমাগম হলেও ঘাটে তাদের কোনও স্বেচ্ছাসেবক ছিল না। মন্দির কমিটির সদস্য দীনবন্ধু রায় জানান, আমাদের দায় একটু আছে। এ ব্যাপারে ইজারাদার আব্দুল জব্বার জানান, ৪ বছর থেকে এই ঘাট ইজারা নিচ্ছেন তিনি। এবার সাড়ে নয় লাখ টাকা দিয়ে জেলা পরিষদ থেকে এই ঘাট ইজারা নিয়েছেন তিনি। তিনি বলেন, নৌকাগুলো এক বছর আগে বানানো। আমরা তো জেলা পরিষদকে টাকা দিয়ে ইজারা নিয়েছি।
মাড়েয়া বামুনপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম (শামীম) জানান, নৌকাডুবির ব্যাপারে জেলা পরিষদ এবং ইজারাদার দায় এড়াতে পারে না। ঘাটের কোনও উন্নয়ন হয়নি। জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট বলেন, বদেশ্বরি মন্দিরে মহালয়ার পূজা উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি কমিটি করে দেয়া হয়। তারা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। তারা মাঝিকে নির্দেশ দিলে এতগুলো যাত্রী উঠতো না আর এতো মৃত্যুর ঘটনাও ঘটতো না। নতুন নৌকা বানানোর দায়িত্ব ইজারাদারের। আমাদের নয়। বিভিন্ন শর্ত দিয়েই তাকে ঘাট ইজারা দেয়া হয়।
এদিকে নৌ-দুঘর্টনার কারণ উদঘাটনের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক দীপংকর রায় এই কমিটির আহ্বায়ক। ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও মৃত ব্যক্তিদের লাশ উদ্ধার ও পরিবারগুলোতে সহায়তা প্রদানের কাজে ব্যস্ত তিনি। তাই তদন্ত রিপোর্টের জন্য আরও সময় নিয়েছেন। আর দুদিন পরেই তার তদন্ত রিপোর্ট দেয়ার কথা রয়েছে। তিনি জানান, ভালোভাবে তদন্তের জন্য সময় নেয়া হয়েছে। তদন্তের পর দায় কার তা বোঝা যাবে।
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ৫০ হাজার করে টাকাসহ খাদ্য সহায়তা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এদিকে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে মৃত ও নিখোঁজদের অভিভাবকদের হাতে এই সহায়তা তুলে দেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা প্রমুখ।
উল্লেখ্য, রবিবার শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে একটি নৌকায় করে পার হচ্ছিল প্রায় দেড় শতাধিক মানুষ। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর বুধবার বিকেল পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে শিশুসহ ৩ জন। এদিকে, ঘটনার পর পরেই উদ্ধার হওয়া মৃতদের সৎকারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা দেয়া হয়। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ হাজার, রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজনের ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার এবং রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ৫ হাজার করে টাকা দেয়া হয়।








