স্টাফ রির্পোটার- এই মাটিতে জন্ম আ. লীগের শিকড় অনেক গভীর, আওয়ামী লীগের হাঁটু ভাঙবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুক্রবার আ. লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটি আলোচনা সভা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এ কথা জানান। বাংলা একাডেমি অডিটরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, আমি গত পরশুদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে বলেছিলাম কোমর ভাঙা বিএনপি, হাঁটু ভাঙা বিএনপি লাঠির ওপর ভর করেছে। দেখলাম বিএনপির ফখরুল সাহেব তার জবাব দিয়েছেন। তিনি বলেছেন, আ. লীগের নাকি হাঁটু ভেঙে গেছে। মির্জা ফখরুল হয়তো ভুলে গেছেন এটা আমার কথা না, এটা তাদের থ্রিংক ট্যাংক গণস্বাস্থ্যের জাফরউল্লাহ চৌধুরী এ কথা বলেছেন। বার বার বলেছেন কোমর ভাঙা বিএনপি, হাঁটু ভাঙা বিএনপি। আমি তাদের কথাই স্মরণ করিয়ে দিলাম হাঁটু ভাঙা দল লাঠির ওপর ভর করেছে।
আ. লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের হাঁটু ভাঙবে না, কোমর ভাঙবে না। আ. লীগের জন্ম এই মাটিতে। আওয়ামী লীগ এই মাটি থেকে উঠে আসা দল। আমাদের শিকড় অনেক গভীরে। এই মাটিতে যার জন্ম তার কোমর ভাঙবে না। আমি ভুল করিনি, ফখরুল সাহেব ভুল করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অবদান তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, দুর্যোগে আলো হাতে আমাদের সাহসের ঠিকানা শেখ হাসিনা। তিনি ধ্বংসস্তুপের ওপর বার বার সৃষ্টির পতাকা উড়িয়েছেন। ১৩ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। এদেশে যুদ্ধাপরাধের বিচার করা কি সহজ ছিল? তিনি বঙ্গবন্ধু হত্যার বিচার করে আমাদের পাপ মোচন করেছেন। জনগণের কল্যাণ, ভাগ্য উন্নয়নের জন্যই শেখ হাসিনার জন্ম হয়েছে।
আ. লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীরর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুর নানাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য সচিব সুজিত রায় নদ্দী ও কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি।
এদিকে শুরু হওয়া হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা সুষ্ঠুভাবে আয়োজন ও পালনের জন্য মন্দিরে-মণ্ডপে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্কভাবে পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক শক্তি প্রকাশ্যে যতটা নিষ্ক্রিয়; ভেতরে ভেতরে ততটা সক্রিয় আছে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে আগের বছরের বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে এবার সরকার সতর্ক রয়েছে। 
ওবায়দুল কাদের বলেন, এই দুর্গোৎসবে সক্রিয়ভাবে দরকার হলে মন্দিরে মন্দিরে পাহারায় থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নেতাকর্মীরা থাকবে এটা আশা করি। সতর্ক ও সক্রিয় থেকে সব ধরনের উদ্বেগ দূর করার আহ্বান জানাচ্ছি। আপনারা আতঙ্কিত হবেন না, উদ্বিগ্ন হবেন না। আমরা আপনাদের পাশে আছি। গতবারের দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। সারা দেশর মন্দিরে মন্দিরে, মণ্ডপে মণ্ডপে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্কভাবে পাহারা দিতে হবে। শেখ হাসিনার পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি। আওয়ামী লীগ মনে প্রাণে চিন্তা চেতনায় একটি অসাম্প্রদায়িক দল এবং আমাদের প্রায় প্রতিদিনের বক্তব্যে আমাদের অসাম্প্রদায়িক চেতনার যে বিষয়টি আমরা ধারণ করি এবং সভা-সমাবেশে, বিক্ষোভে দৃঢ় কণ্ঠে উচ্চারণে আমরা কখনো দিধাগ্রস্থ হই না।
তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকারের ১৩ বছরের মধ্যে গতবার ব্যতিরেকে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। ১২ বছর কোনো দুর্গাপূজায় সামান্যতম কোনো বিশৃঙ্খলা-সন্ত্রাস কোনো ঘটনাই ঘটেনি। মাঝে মাঝে কিছু কিছু ঘটনা ঘটেছে। গতবার সতর্কতার একটা ঘাটতি ছিল। কারণ, সময়টা এখন সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তি, তারা বাইরে তাদেরকে যতটা নিষ্ক্রিয় মনে হয়, ভেতরে ভেতরে তারা তার চেয়ে সক্রিয়। এ রকম একটা বাতাবহ দেশে আছে। অস্বীকার করার উপায় নেই। কুমিল্লায় যেটা ঘটেছে বীভৎস, চৌমুহনীতে যা ঘটেছে তা আরও ভয়ানক। এছাড়া রংপুরে, সিলেটে, সুনামগঞ্জের নাসিরনগরে অনেকগুলো ঘটনা ঘটেছে। বিভিন্ন দলীয় পরিচয়ে দুর্বৃত্তরা এই ধরনের ঘটনা ঘটায়।
আমি মনে করি যারা এই ধরনের ঘটনা ঘটায়, যে পরিচয়েই হোক তাদের একমাত্র পরিচয় হচ্ছে দুর্বৃত্ত। এরা বিভিন্ন পরিচয়ে আওয়ামী লীগ পরিচয়েও দুর্বৃত্ত আছে, দলের পরিচয় ব্যবহার করে অনেক দুর্বৃত্ত এসব ঘটনা ঘটিয়েছে। বিভিন্ন জেলায় লক্ষ্য করেছি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় যে উৎসব সেই উৎসবকে সামনে রেখে আতঙ্কে থাকবে, উদ্বিগ্ন থাকবে, এটা হতে পারে না। ভোট হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবার ভোটেরই মূল্য সমান। আপনারও ভোটার এদেশের নাগরিক আপনারা দ্বিতীয়, তৃতীয় শ্রেণির নাগরিক এটা কারোরই মনে করা উচিত না। কারও ভোটের মূল্য বেশি; কারও ভোটের মূল্য কম নয়।
এ মতবিনিময় সভায় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।








