,

সংস্কারের কোনো প্রশ্নই ওঠে না- র‌্যাব ডিজি

স্টাফ রির্পোটার- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‌্যাবের নবাগত ডিজি এম খুরশীদ হোসেন । মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে র‌্যাব সংস্কারের কোনো প্রয়োজন আছে বলে মনে করছেন না তিনি।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে বলবো র‌্যাব সংস্কারের কোনো প্রশ্নই দেখি না। আমরা এমন কোনো কাজ করছি না যে র‌্যাবকে সংস্কার করতে হবে। আমাদের পূর্ব থেকে যে বিধিবিধান আছে, সেই বিধিবিধান অনুসারে আমরা কাজ করছি। আমরা আইনের বাইরে কোনো কাজ করি না।

শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, শিগগির র‌্যাবের নিষেধাজ্ঞা বাতিল হচ্ছে না। এ সময় র‌্যাবকে সংস্কারের কথা জানান এই মার্কিন রাষ্ট্রদূত।

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম খুরশীদ হোসেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র র‌্যাব কর্মকর্তাদের যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা সরকারিভাবে মোকাবিলা করা হচ্ছে। তারা যেসব বিষয় আমাদের কাছে (জানতে) চেয়েছেন, এরইমধ্যে আমরা সেসব বিষয়ের জবাব দিয়েছি। জবাব দেওয়ার পরে তারা আর পাল্টা প্রশ্ন করার সুযোগ পাননি।

র‌্যাব ডিজি বলেন, আপনি বললেন এতগুলো লোক আমার উধাও হয়েছে, বলতে তো হবে তারা কারা? আমরা তো বলেছি কে, কোথায়, কী অবস্থায় আছে। আমি মনে করি না সরকার কিংবা আমাদের জন্য এটা বড় কোনো চ্যালেঞ্জ। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাবো। এটা সত্য যারা কাজ করে তাদের ভুলত্রুটি হতেই পারে। তবে দেখতে হবে, সেটা ব্যক্তিস্বার্থে করেছি, নাকি দেশের সাধারণ মানুষের জন্য করেছি। তাই বলবো, এসব বিষয় আমরা সরকারিভাবে মোকাবেলা করবো।

র‌্যাব সংস্কারের জন্য যুক্তরাষ্ট্র কোনো লিখিত প্রস্তাব করেছে কি না- এমন প্রশ্নের জবাবে এম খুরশীদ হোসেন বলেন, না, আমাদের কাছে কোনো লিখিত প্রস্তাব দেয়নি।

দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে র‌্যাব ডিজি বলেন, অতীতে আমরা সবসময় পূজামণ্ডপে স্ট্যান্ডিং আনসার রাখতাম। গত বছর এটা করা হয়নি। করা হয়েছিল আনসারদের মোবাইল পেট্রল। এবার যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক হয়, আমি নিজে উপস্থিত ছিলাম। তখন আমি প্রস্তাব করেছিলাম, প্রত্যেকটা পূজামণ্ডপে শ্রেণিভেদে গুরুত্ব বিবেচনায় ৪ থেকে ৭ জন করে স্ট্যান্ডিং আনসার সদস্য থাকবে। পাশাপাশি থাকবে মোবাইল পেট্রল। র‌্যাব ফোর্সেস থেকেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। মূল সমস্যা— সাইবার পেট্রলিংয়ের মাধ্যমে আমরা এগুলো চিহ্নিত করছি, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করেন, এটা এক ধরনের উসকানি। অসাম্প্রদায়িক দেশে তারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে দেয়। কিছু দুষ্ট লোক আছে, তারা এগুলো চেষ্টা করবে।

তিনি আরও বলেন, আমাদের বুঝতে হবে, দেশ আমাদের, এ সমাজ আমাদের। আমরা এখানে সব ধর্ম নির্বিশেষে…প্রধানমন্ত্রী যেটা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা যে ব্যবস্থা নিয়েছি, র‌্যাব তৈরি আছে, কোনো সমস্যা হবে বলে আমি বিশ্বাস করি না।

এরপর তিনি রাজারবাগ পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিন বেলা ২টায় তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা জানান।

গত শুক্রবার বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন পুলিশের বিষোয়িত ইউনিট র‌্যাবের নবম মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহন করেন।

বিসিএস ১২তম ব্যাচের কর্মকর্তা অতিঃ আইজিপি জনাব এম খুরশীদ হোসেন ১৯৯১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি সহকারী পুলিশ সুপার থাকাকালীন নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। অতিঃ পুলিশ সুপার থাকাকালীন কুমিলা, পাবনা জেলা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করেন। তিনি পাবনা, মাদারীপুর, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন এবং উক্ত অঞ্চলসমূহে জঙ্গিবাদ, সন্ত্রাস ও চরমপন্থীসহ অন্যান্য অপরাধ দমনে অগ্রণী ভুমিকা রেখেছেন। অতিঃ ডিআইজি পদে থাকাকালীন পুলিশ সদর দপ্তর ও রাজশাহী রেঞ্জে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালীন চরমপন্থী দমন, জংঙ্গিবাদ মোকাবেলা ও অন্যান্য অপরাধ দমনেও কৃতিত্ব ও সাফল্যের স্বাক্ষর রেখেছেন। এছাড়াও তিনি ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়িত ছিলেন। তিনি ১৭ মে ২০২১ তারিখে অতিঃ আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত হন। পদোন্নতি প্রাপ্ত হয়ে র‌্যাব ফোর্সেস এ যোগদানের পূর্ব পর্যন্ত অত্যন্ত সুনাম ও সাফল্যের সাথে অতিঃ আইজিপি (ক্রাইম এন্ড অপারেশনস্) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে মৌলিক প্রশিক্ষণ, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে বুনিয়াদি প্রশিক্ষণ ও বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে মৌলিক সামরিক প্রশিক্ষণসহ বিভিন্ন তদন্ত, ক্রাইসিস ম্যানেজমেন্ট, তথ্যপ্রযুক্তি ও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেন।

তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, মালয়েশিয়া, কলম্বিয়া থেকে সিনিয়র ম্যানেজমেন্ট কোর্স, স্ট্যাডি ভিজিট অন প্রিজনার্স, সিকিউরিটি, পেট্রোলিং এন্ড মনিটরিংসহ বিভিন্ন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেন। তিনি কসোভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে নিয়োজিত থেকে বিশ্ব শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়াও তিনি আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, চীন, ইটালি, সিংঙ্গাপুর, সুইজারল্যান্ড, জাপান, ব্রাজিলসহ বিভিন্ন দেশে বিবিধ সরকারি কর্তব্যে গমন করেছেন।

অতিঃ আইজিপি জনাব এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম ১৯৬৪ সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে জন্মগ্রহণ করেন। তিনি ব্যক্তিগত জীবনে ০২ পুত্র সন্তানের জনক। তাঁর বড় ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে কর্মরত আছেন। তাঁর কনিষ্ঠ ছেলে কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি কর্মক্ষেত্রে অত্যন্ত সততা, সাহসিকতা, দক্ষতা, পেশাদারিত্ব ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করে আসছেন। চাকুরি ক্ষেত্রে পারদর্শিতা ও উৎকর্ষতার জন্য তিনি বিপিএম ও পিপিএম পদক প্রাপ্ত হন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ