স্টাফ রির্পোটার- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৩৪৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৪৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৭০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সারাদেশে সর্বমোট দুই হাজার ১৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৬০১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
এবছর ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৮ হাজার ৬৪৬ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৪ হাজার ১২৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট চার হাজার ৫১৭ জন।
একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট ১৬ হাজার ৪২৭ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ১২ হাজার ৪৯৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট তিন হাজার ৯৩০ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬৩ জন মারা গেছে।
গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় ১০৫ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৭১ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ৬৯৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৬ হাজার ৯০৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮১টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে পাঁচ হাজার ৮০২টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৮০১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৭৫৭টি।
এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৬ হাজার ৬৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক তিন শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত দুই জন পুরুষ, তাদের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। মৃত দুই জনের একজন ঢাকা বিভাগের আরেকজন সিলেট বিভাগের বাসিন্দা। মৃতদের একজন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে মারা যান।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩১ জন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৮ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫১ হাজার ৪০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২০ হাজার ৬৬৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩০ হাজার ৩৭৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।








