স্টাফ রিপোর্টার – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান এবং নির্বাচনী ব্যবস্থা ব্যক্তি বিশেষের খেয়াল খুশি মতো চলে না, বিভিন্ন গণতান্ত্রিক দেশের পন্থা অনুসরণ করেই নির্বাচনী ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে।
শনিবার এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কাদের একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের স্বৈরতান্ত্রিক জিয়াউর রহমান ও এরশাদ ব্যক্তিগত প্রয়োজনে দখলকৃত ক্ষমতাকে সাংবিধানিক বৈধতা দেওয়ার জন্য সংবিধান সংশোধন করেছিলো। সংবিধানের সেই সমস্ত সংশোধনী দেশের উচ্চ আদালত অবৈধ ঘোষণা করছে উল্লেখ করে ওবায়দুল কাদের তাঁর বিবৃতিতে বলেন, এখন সেই জায়গায় যাওয়ার আর কোন সুযোগ নেই।
কাদের বলেন, এখন সংবিধান বিরোধী বক্তব্য যারা দিচ্ছে তারা একটি অগণতান্ত্রিক এবং অনির্বাচিত সরকার ব্যবস্থা দেখতে চায়। তিনি আরও বলেন, আর এই অনির্বাচিত ও অগণতান্ত্রিক সরকার দেখতে চায় বলেই বিএনপি নেতারা নির্বাচনী ব্যবস্থা এবং সংবিধান নিয়ে তাদের অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও বেআইনি বক্তব্য প্রদান করছে, আর জনগণকে বিভ্রান্ত করার অপতৎপরতা চালাচ্ছে।
এরআগে ওবায়দুল কাদের বলেছিলেন, বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতা বিরোধীদের অভিন্ন প্ল্যাটফর্ম। বিএনপি দেশের জন্য রক্ত দেয়নি বরং তারা মানুষের রক্ত নিয়েছে, শোষণ করেছে, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির হাতে দেশ নিরাপদ নয়। দেশের মানুষকে মুক্ত করার নামে তারা শৃঙ্খল পরানোর ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি বলেন, বিএনপি অতীতে গণতন্ত্রকে শৃঙ্খলিত করেছে, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শকে শৃঙ্খলিত করেছে। দেশের স্বাধীনতাকে বিএনপি ক্ষমতার জন্য ব্যবহার করেছে।
হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর রক্তে রঞ্জিত বিএনপির হাত, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন গণতান্ত্রের কথা বলে, গণতন্ত্র আর স্বাধীনতার শত্রুদের নিয়ে নাকি তারা দেশ উদ্ধার করবে।
বিএনপি দেশ ধ্বংসের এজেন্ডা নিয়ে এসেছে, তারা সব পরাজিত অপশক্তি নিয়ে মাঠে নেমেছে। কিন্তু দেশপ্রেমিক জনগণ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিএনপি ও তার দোসরদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ।








