,

যতক্ষণ জনগণ সঙ্গে আছে চিন্তার কিছু নেই – প্রধানমন্ত্রী

যতক্ষণ জনগণ সঙ্গে আছে চিন্তার কিছু নেই - প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার – জনগণই আমাদের শক্তি, যতক্ষণ জনগণ আমাদের সঙ্গে আছে, চিন্তার কিছু নেই। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় শেখ হাসিনা বলেন, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, যাতে করোনার মতো বর্তমান অর্থনৈতিক সংকটও মোকাবিলা করা যায়। তিনি আরও বলেন, উন্নয়ন-অর্জনের এ ধারাটা ধরে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। একনেক সভায় ৭ হাজার ১৮ কোটি ৭৩ লাখ টাকার ৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন।

সভায় অনুমোদিত ৭ হাজার ১৮ কোটি ৭৩ লাখ টাকার ৬টি প্রকল্পের-সরকারি অর্থায়ন ৪ হাজার ৩৬২ কোটি ৬৩ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ২ হাজার ৩৮৬ কোটি ৪৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৬৯ কোটি ৬২ লাখ টাকা।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে জানিয়েছেন শেখ হাসিনা। করোনা মহামারি থেকে ঘুরে না দাঁড়াতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে যে মন্দা দেখা দিয়েছে, সে বিষয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ঝড়ঝাপ্টা এগুলো আমাদের আছেই, প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্যসৃষ্ট দুর্যোগ, এগুলো আমাদের সবসময় মোকাবিলা করতে হয়, করতে হবে। জনগণের সম্মিলিত শক্তিকে কাজে লাগানোর তাগিদ দিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, জনগণকে উদ্বুদ্ধ করে সেই জনগণকে কাজে লাগাতে হবে। যেভাবে আমরা করোনা মোকবিলা করেছি, ঠিক সেই একইভাবে যুদ্ধের সময় যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, যে ভয়াবহতা দেখা দিচ্ছে এটা থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে। তিনি বলেন, উন্নয়ন-অর্জনের এ ধারাটা ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

কোনো জমি অনাবাদি না রেখে চাষাবাদ বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমির সর্বোত্তম ব্যবহার করতে বলেছেন তিনি। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর অনুশাসনের বিষয়ে সাংবাদিকদের বলেন, বৈঠকে প্রকল্প দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগেও বিভিন্ন সময়ে এ বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। মিতব্যয়ী হয়ে প্রকল্প যাচাই-বাছাই করার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়কে ধন্যবাদও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী আরো বলেন, সরকারি হাসপাতালে যন্ত্রপাতি কেনার আগে জনবলকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি, যেন সরকারি টাকায় কেনা যন্ত্রপাতির সঠিক ব্যবহার পায় জনগণ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ