,

চলতি মাসে একশ’টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী – ও. কাদের

চলতি মাসে একশ’টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - ও. কাদের

স্টাফ রিপোর্টার – প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসের শেষ নাগাদ সারা দেশে একযোগে একশ’টি সেতু উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, নেত্রী, আমরা অপেক্ষা করছি, এখন টুকটাক কিছু কাজ বাকি আছে; একশ’টি সেতু একসঙ্গে আপনি উপহার দেবেন। বাংলাদেশের জনগণ অলমোস্ট রেডি। চলতি মাসে একশ’টি সেতু প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকে উপহার দেবেন। সেই শুভ দিনের অপেক্ষায় আমরা আছি।

সেতুমন্ত্রী নড়াইলে মধুমতি নদীর উপর নির্মিত দেশের প্রথম ছয় লেন বিশিষ্ট মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর উপর বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুগুলি উদ্বোধন করেন।

ওবায়দুল কাদের বলেন, চলতি মাসের শেষদিকে, ২৮ তারিখ শনিবার হলে আমাদের জন্য ভালো হয়। প্রধানমন্ত্রী একমাসে একসঙ্গে একশ’টি সেতু দেশের জনগণকে উপহার দেবেন। সেই শুভদিনের অপেক্ষায় আমরা আছি।

 

চলতি মাসে একশ’টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - ও. কাদের

 

তিনি বলেন, এই সেতুগুলি ভ্রমণের সময় কমিয়ে সড়ক যোগাযোগকে আরও সহজ, দ্রুত এবং সহজলভ্য করার পাশাপাশি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়তা করবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী, জনগণ আপনার উদ্বোধনের অপেক্ষা করছে। প্রস্তুত হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের স্বপ্নের প্রজেক্ট এমআরটি-৬ লাইন। সেটাও এ বছরের প্রান্তিকে আপনি উদ্বোধন করতে পারবেন। আশা করছি চলতি বছরের প্রান্তিকে আপনি চট্টগ্রামের সেই বহুল প্রতীক্ষিত কর্ণফুলী নদীর তলদেশে দক্ষিণ এশিয়ার প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের শুভ উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী সোমবার মধুমতি ও তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করেন। দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই সেতু দু’টি উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ২৪ জানুয়ারি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা এবং নড়াইল জেলার অন্তর্গত লোহাগড়া উপজেলার মধ্যে মধুমতি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ৯৬০ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর উপর ৬৯০ মিটার দীর্ঘ মধুমতি সেতু নির্মিত হয়েছে যা স্থানীয়ভাবে কালনা সেতু নামে পরিচিত। ২৭.১ মিটার চওড়া সেতুটিতে চারটি উচ্চগতির লেন ৪.৩০ কিলোমিটার অ্যাপ্রোচ রোড এবং দুটি সার্ভিস লেনসহ ছয়টি লেন রয়েছে।

মধুমতি সেতুটি নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর এবং ঝিনাইদহ জেলাকে সংযুক্ত করেছে। এটি এশিয়ান হাইওয়ের একটি অংশ, যা রাজধানীকে দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে সংযুক্ত করবে।

তৃতীয় শীতলক্ষ্যা সেতুটি বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের নামে নামকরণ করা হয়েছে। এটি নারায়ণগঞ্জ শহরকে বন্দর উপজেলার সাথে সংযুক্ত করবে, অর্থনীতি চাঙ্গা করবে, পদ্মা সেতুর মাধ্যমে চট্টগ্রাম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলার মধ্যে যোগাযোগ সহজতর করবে।

১.২৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে চট্টগ্রাম অঞ্চলগামী যানবাহন এবং একইভাবে চট্টগ্রাম থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যানবাহন যানজট এড়াতে এবং সময় বাঁচাতে নারায়ণগঞ্জ শহরকে বাইপাস করতে সক্ষম করবে। এতে দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে চাঙ্গা হবে। কারণ, এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে যানবাহনের ভ্রমণের সময় কমিয়ে দেবে। সেতুটির সঙ্গে নতুন সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে পদ্মা সেতু থেকে জনগণ সর্বোচ্চ সুবিধা পাবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ