,

দেশজুড়ে শিশুদের করোনা টিকাদান শুরু

দেশজুড়ে শিশুদের করোনা টিকাদান শুরু

স্টাফ রিপোর্টার – জেলা ও উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার। তিন সপ্তাহ চলবে এ কর্মসূচি। ভ্যাকসিন দেয়া হবে ২২ অক্টোবর পর্যন্ত। এতে প্রায় এক কোটি শিশুকে টিকার আওতায় আনা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাসের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান, একযোগে দেশের ৪২৭টি উপজেলায় এ কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

দেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের দেওয়া জন্য বিশেষভাবে তৈরি ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হচ্ছে। প্রথম ডোজ নেওয়ার আট সপ্তাহ পর দেয়া হবে দ্বিতীয় ডোজ। গত ১১ আগস্ট রাজধানীতে ১৭ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত ৫ থেকে ১১ বছর বয়সী ১২ লাখ ৫৮ হাজারের বেশি শিশু প্রথম ডোজ নিয়েছে।

এখন শুরু হয়েছে দেশব্যাপী টিকাদান। মঙ্গলবার সব জেলায় টিকা দেওয়া শুরু হয়। তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে টিকা পাঠানো হয়েছে, এখন তারা সেভাবে ব্যবস্থা নিচ্ছে। শিশুদের এ টিকা পেতে জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে সুরক্ষা ওয়েবপোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে। টিকা কার্ড নিয়ে টিকাদান কেন্দ্রে গেলেই মিলবে টিকা।

শিশুদের স্কুলকেন্দ্রিক টিকা দেয়া হচ্ছে। পরবর্তীকালে তা কমিউনিটি পর্যায়ে দেয়া হবে। এ টিকার দুটি ডোজ আট সপ্তাহের ব্যবধানে নিতে হয়। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের পর টিকাকার্ড দেখালে কাছাকাছি কোনো স্কুলে স্থাপিত টিকাকেন্দ্র ও পরবর্তী সময়ে কমিউনিটি পর্যায়ের (স্কুলবহির্ভূত শিশু) কেন্দ্র থেকে টিকা নেয়া যাবে।

কোনো কারণে শিশুর সুরক্ষা নিবন্ধন সম্ভব না হলেও লাইন লিস্টিংয়ের মাধ্যমে করোনার টিকা দেয়া হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/প্রতিনিধি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্বাস্থ্য-পরিবার পরিকল্পনা কর্মকর্তা বা পৌরসভা কর্তৃপক্ষ আলোচনা করে সমন্বয়ের মাধ্যমে টিকাদানের সময় নির্ধারণ করবেন। এ কর্মসূচির পর একদিন শুধু জেলা ও উপজেলা পর্যায়ের স্কুলের বাইরে থাকা ৫-১১ বছর বয়সী শিশুদের ভ্যাকসিনেশনের আওতায় আনতে সারা দেশের কমিউনিটি পর্যায়ে একযোগে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ