স্টাফ রিপোর্টার – বিএনপি রাত-দিন সরকারের অন্ধ সমালোচনা করছে, সভা-সমাবেশ করছে। আবার বলছে কথা বলার অধিকার নাই। তাদের অসত্য নিরেট মিথ্যাকেও হার মানায়। মিথ্যাচারকে বিএনপি এখন শিল্পে রূপ দিয়েছে। শনিবার নিজ বাসভবনে ব্রিফিংকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেছেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি হচ্ছে গুজব সর্বস্ব রাজনৈতিক দল। গোয়েবলসীয় কায়দায় মিথ্যাচারই তাদের একমাত্র হাতিয়ার। ধর্ম নিয়ে রাজনীতি ও নির্বাচন এলে ভারতবিরোধিতা বিএনপির পুরোনো অপকৌশল। বিএনপিই এখন ধর্মের কার্ড ব্যবহার করে, আওয়ামী লীগ নয়।
তিনি বলেন, সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বিএনপির অপরিণামদর্শী রাজনীতির পরিচয় বহন করে। দেশ ও দেশের জনগণের প্রতি ন্যূনতম কমিটমেন্ট থাকলে কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল এমন কথা বলতে পারে না।
বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হীন মতলবে একটা বিদেশি রাষ্ট্রকে উসকানি দেওয়ার অপচেষ্টার শামিল বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে খাল কেটে কুমির আনার রাজনীতি। তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে দেশকে গণতন্ত্রহীন করে রেখেছিল। এখন আবার তারা সেই পথে হাঁটতে চায়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশকে গণতন্ত্রহীন করতে চায়, চায় সন্ত্রাস নৈরাজ্যের জনপদে পরিণত করতে, চায় সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্প ছড়িয়ে দিতে।
এরআগে ওবায়দুল কাদের বলেছিলেন, বিএনপির নেতাদের কথায় সরকারের পতন হবে না। ‘আন্দোলনে পতন হবে এই সরকারের’-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এক যুগের বেশি সময় ধরে বিএনপির মহাসচিব তাঁর দলের হতাশ নেতা-কর্মীদের চাঙা করতে এমনটি বলছেন।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বিএনপির নেতারা সব সময় সরকারের পতন কামনা করেন। কিন্তু শকুনের দোয়ায় যেমন গরু মরে না, তেমনি বিএনপির দোয়ায়ও সরকারের পতন হবে না।
সেতুমন্ত্রী বলেন, অপরিণামদর্শী বিএনপির নেতারা বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করেই গলার জোরে কথা বলছেন। তাঁরা জনগণের কষ্ট পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছেন। রশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট বিশ্বব্যাপী। বিশ্বের সব দেশই এ সংকট মোকাবিলা করছে। ভবিষ্যতে সংকট গভীরতর হলে তা কীভাবে মোকাবিলা করবে, তার দিশা খুঁজছে।
বিএনপির মহাসচিবের কাছে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই সংকটের প্রেক্ষাপটে বিশ্বের সব দেশের প্রধানমন্ত্রীই কি তাহলে পদত্যাগ করবেন? বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। বিশ্বব্যাপী এ সংকট আমাদের সৃষ্ট না হলেও তার প্রভাব বাংলাদেশের ওপর পড়েছে। আগামী বছর থেকে বিশ্বমন্দার আশঙ্কা করছে বিশ্বব্যাংক। এ পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দূরদর্শী বলেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছেন। বেশি করে খাদ্য উৎপাদনের কথা বলেছেন।
সেতুমন্ত্রী বলেন, সরকার পদত্যাগের যে অলীক স্বপ্ন বিএনপির নেতারা দেখছেন, তাঁরা তাঁদের কর্মীদের দেখাচ্ছেন, তা বাস্তবে কখনো ঘটবে না। জনগণ যত দিন চাইবে, শেখ হাসিনার সরকার তত দিন ক্ষমতায় থাকবে।








